সর্বোচ্চ আয়ের তালিকায় কেন নেই আমির?
বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকের তারকা হওয়ার পরও বিশ্বের সর্বোচ্চ আয়ের তালিকায় কেন নেই আমির খানের নাম- ফোর্বসের সেরা আয়ের অভিনেতাদের তালিকা প্রকাশের পর থেকেই এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালে।
বহুল চর্চিত এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। তাদের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে সতীর্থ দুই খান শাহরুখ ও সালমানের সঙ্গে আমিরের আয় এবং আয়ের উৎসের মজাদার এক তুলনামূলক চিত্র।
২০১৬’র সর্বোচ্চ আয়ের হিন্দি সিনেমা ‘দঙ্গল’ থেকে ১৭৫ কোটি রুপি আয় করেছেন আমির খান। সিনেমাটি ভারতের বাইরে চীনেও ব্যবসা করেছে দুর্দান্ত। এরপরেও ফোর্বস তালিকায় নেই কেন আমির? যেখানে শাহরুখ, সালমান এমনকী অক্ষয় কুমারও জায়গা করে নিয়েছেন সেরা দশে?
বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কক্কর বলছেন শাহরুখ বা সালমানের মতো ঢালাওভাবে বিজ্ঞাপনের পেছনে ছোটেন না আমির, যা তাদের আয়ের একটি বড় উৎস।
তার মতে, “বিজ্ঞাপনের ব্যাপারে বড় খুঁতখুঁতে আমির। শাহরুখ, সালমান কিংবা অক্ষয় যখন একের পর এক পণ্যের দূত হিসেবে কাজ করছে, আমির সেখানে বছরে চারটি বিজ্ঞাপনে অংশ নেন নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে। বিজ্ঞাপন নির্মাতাদের এতেই সন্তুষ্ট থাকতে বলেন তিনি।”
এ তো গেল বিজ্ঞাপনের কথা। কিন্তু সিনেমা?
বাণিজ্য বিশ্লেষক অক্ষয় রথি জানাচ্ছেন, শাহরুখ কিংবা সালমান বছরে দুটি করে সিনেমা করছেন। অক্ষয় করেন তিনটির বেশি সিনেমা। সেখানে দেড়-দুই বছর ধরে একটা সিনেমায় অভিনয় করেন আমির। স্বাভাবিকভাবেই পারিশ্রমিক বেশি হলেও আয় তাই অন্যদের তুলনায় কমই হয় আমিরের।
তার উপর চলতি বছরে চীনে ‘দঙ্গল’ রেকর্ড ভাঙা ব্যবসা করলেও চীনা সরকার লাভের মাত্র ২৫ শতাংশ দিয়েছে নির্মাতাদের। অন্য দেশের সরকার যেখানে লাভের ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত নিতে দেয় নির্মাতাদের।
এছাড়াও সিনেমায় অভিনয় ও প্রযোজনা ছাড়াও শাহরুখ, সালমান ও অক্ষয়ের অন্য আয়ের উৎস রয়েছে জানিয়ে তিনি বলেন, “এসআরকে, সালমান এবং অক্ষয়ের আয়ের উৎস অনেক বৈচিত্রময়, যা আমিরের নেই। শাহরুখ যদি সিনেমায় আয় নাও করেন, আইপিএল এবং তার ভিএফএক্স ল্যাব থেকেই তার অনেক অর্থ আয় হয়। সালমান কাপড় এবং অলঙ্কারের ব্যবসা করেন। অক্ষয়ের আছে রেস্টুরেন্টের ব্যবসা।”
তবে সবচেয়ে যুৎসই কারণটিও জানিয়েছে হিন্দুস্তান টাইমস। সম্ভবত এই কারণেই ফোর্বসের পক্ষে সম্ভব হয়নি কিছুতেই আমিরকে তাদের তালিকায় রাখার!
কারণটি শোনা যাক আমিরের এক মুখপাত্রের মুখেই, “আমির স্যার তার সঠিক আয় তো দূরে থাক, আয়ের প্রাথমিক হিসাবও কাউকে জানতে দেন না। ফোর্বস তো দূরের কথা, আমরাই জানি না তার আয় আসলে কত!”
