২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে আসছে পল্লিকবি জসিম উদ্দিনের ‘কবর’

পল্লীকবি জসিম উদ্দিনের বিখ্যাত ‘কবর’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2017, 07:37 PM

Updated : 11 Oct 2022, 02:23 PM

কবিতার নাম শিরোনামেই নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ। সম্প্রতি রাজধানীর অদূরে পুবাইলে টানা পাঁচদিনের চিত্রধারণ সম্পন্ন হয়েছে।

নির্মাতা বললেন, “ ‘কবর’ আসলে প্রচুর মানুষের দেখা একটা গল্প। যারা কবিতাটি পড়েছে তারাই এটি ভিজুয়ালাইজ করেছে, আমরা প্রত্যেকেই নানাভাবে এটি আমাদের কল্পনায় দেখেছিও। কবিতাটি কবির খুবই ইমোশনাল একটা সৃষ্টি। আমরাও যে বয়সে কবিতাটি পাঠ্যবইয়ে পড়ি সে বয়সটা খুবই ইমোশনাল। রঙিন চোখ দিয়ে একটা সাদাকালো গল্প দেখি, শোকের গল্প। অথচ কবিতাটি নিয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। তাই এটি নির্মাণ করেছি আমি।”

নির্মাতা বলেন, “চলচ্চিত্রটি নির্মাণ করতে গিয়ে মনে হয়েছে এটি স্বল্পদৈর্ঘ্যের চেয়ে পূর্ণদৈর্ঘ্য নির্মাণের দাবি রাখে। আরও সময় নিয়ে যত্ন নিয়ে নির্মাণ করতে পারলে তৃপ্ত হতাম। বর্তমানে চলচ্চিত্রটির সম্পাদনার কাজ করছি।”

আসছে ঈদের পর চলচ্চিত্রটি দেশে প্রিমিয়ার করতে যাচ্ছে চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান পূন্য ফিল্মস। এরপর দেশের বাইরে বিভিন্ন উৎসব ও বাঙালি কম্যুনিটিতে প্রদর্শিত হবে এটি। সবশেষে সবার জন্য অন্তর্জালে উন্মুক্ত করা হবে চলচ্চিত্রটি।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এক ঝাঁক তারকা অভিনয় শিল্পী। চলচ্চিত্রে কবিতার দাদু চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, নাতি চরিত্রে মাহি বি, দাদি চরিত্রে নওশাবা, ছেলের চরিত্রে শিমুল খান, ছেলের বউয়ের চরিত্রে চম্পা, আর বুজি চরিত্রে সাদিয়া রহমান।