লোকার্নোতে ‘আত্রে ইন্টারন্যাশনাল প্রাইজ’ জিতলেন রুবাইয়াত
বিশ্বখ্যাত লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোরস হাব এ ‘আত্রে ইন্টারন্যাশনাল প্রাইজ’ জিতলেন বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেন।
চলতি বছর মে’তে বিশ্বখ্যাত এ চলচ্চিত্র উৎসবের ওপেন ডোরস হাব এ নির্বাচিত হয় রুবাইয়াতের নির্মিতব্য চলচ্চিত্র ‘মেড ইন বাংলাদেশ’। মঙ্গলবার এ উৎসবে ঘোষিত হলো নির্বাচিত চলচ্চিগুলোর পুরস্কার।
এ পুরস্কারে ছয় হাজার ইউরো জিতেছেন বলে নিশ্চিত করেছেন রুবাইয়াত হোসাইন। সুইজারল্যান্ড থেকে তিনি গ্লিটজ’কে বলেন, “খুব ভালো লাগছে। উৎসাহিত বোধ করছি। গত বছর এই পুরস্কারটি পেয়েছিলো কামার আহমাদ সাইমনের চলচ্চিত্র। এ বছর আমি পেলাম। কাজেই মনে হচ্ছে বাংলাদেশের ফিল্ম একটা ভালো দিকে এগুচ্ছে।”
দক্ষিণ-পূর্ব এশিয়ার যে দেশগুলোতে বড় প্রযোজনা সংস্থার বাইরে ইন্ডিপেনডেন্ট বা মুক্ত ছবির চর্চা নেই বললেই চলে, সেসব দেশের সিনেমা ও নির্মাতাদের সহায়তার জন্যই এখন কাজ করছে ওপেন ডোরস। গতবছর ওপেন ডোরস হাবে নির্বাচিত হয়েছিলো বাংলাদেশি নির্মাতা ইশতিয়াক জিকো ও কামার আহমাদ সাইমনের দুটি চলচ্চিত্র। এ বছর এ প্রকল্পে দক্ষিণ এশিয়ার আরও সাতটি দেশের সঙ্গে জায়গা করে নেয় বাংলাদেশের রুবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’।
মূলত সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) সহায়তায় ওপেন ডোরস কার্যক্রম পরিচালনা করে সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসব। সহযোগী হিসেবে আছে একাধিক ইউরোপ ও এশীয় প্রতিষ্ঠান। একজন মধ্যবিত্ত নারী ও পোশাক শ্রমিকের মর্মগাথা নিয়ে গতবছর মুক্তি পায় রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডার কন্সস্ট্রাকশান’।
এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘মেড ইন বাংলাদেশ’।
তবে চলচ্চিত্রটি নির্মাণ শুরুর দিনক্ষণ এখনও চূড়ান্ত করেননি নির্মাতা। বললেন, “চলচ্চিত্রটি নির্মাণে এখনও আমাদের ফান্ড সংগ্রহ করতে হচ্ছে। সম্প্রতি ফ্রান্স ও নরওয়ে থেকে দুটি অনুদান পেয়েছি আমরা।”
তিনি বলেন,“ ‘মেড ইন বাংলাদেশ’ এমন একজন তরুণীর গল্প যাকে পুঁজিবাদ, বামরাজনীতি ও ইসলামিকরণের চাপের ভেতর নিজেকে সামলে এগিয়ে নিয়ে যেতে হয়েছে ।”
