আমিরের বদলে অনুষ্ঠানে উপস্থিত শাহরুখ
ভাইরাস জনিত জ্বর সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন আমির খান ও কিরণ রাও দম্পতি। আমিরের বদলে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভারতের পানি ফাউন্ডেশন আয়োজিত ‘সত্যমেব জয়তে ওয়াটার কাপ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত থাকার কথা ছিলো ‘দঙ্গল’ তারকার। কিন্তু সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ায় অনুষ্ঠানে যোগ দিতে পারেনি এ তারকা দম্পতি।
সম্প্রতি টুইট পোস্টে এ খবরটি নিশ্চত করেছেন অনুপমা চোপড়া নামের ভারতের এক জ্যৈষ্ঠ সাংবাদিক। পোস্টে তিনি লিখেছেন, “সোয়াইন ফ্লুতে আক্রান্ত আমির খান ও কিরণ রাও। এ কারণেই ‘সত্যমেব জয়তে ওয়াটার কাপ’ পুরস্কার আসরে যেতে পারেননি তারা। তার বদলে বলিউড অভিনেতা শাহরুখ খানকে অনুষ্ঠানে যাওয়ার জন্য অনুরোধ করেছেন আমির।”
আমিরের বদলে অনুষ্ঠানে উপস্থিত হয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান বলেন, “আমির ও কিরণকে ধন্যবাদ তাদের হয়ে আমাকে এ অনুষ্ঠানে পাঠানোর জন্য। আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।” এ সময় কৃষিকাজে পানি ফাউন্ডেশনের নেয়া উদ্যোগের প্রশংসা করেন ‘রইস’ তারকা।
ক’দিন আগেই মুক্তি পেয়েছে কিরণ রাও প্রযোজিত ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার ট্রেইলার। আমির খান ও ‘দঙ্গল’ কন্যা জাইরা ওয়াসিম অভিনীত এ সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৯ অক্টোবর। এছাড়া সামনে আসছে আমিরের নতুন ছবি ‘ঠগস অব হিন্দোস্তান’। এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ প্রমুখ।
অন্যদিকে অতি সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খান আনুশকা শর্মা অভিনীত ছবি ‘যব হ্যারি মেট সেজাল’ ।যদিও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি বলিউড বাদশা’র এই নতুন চলচ্চিত্রটি ।
