মুক্তির দিনেই মুখ থুবড়ে পড়লো ‘যব হ্যারি মেট সেজাল’
ইমতিয়াজ আলির পরিচালনায় শাহরুখ খান অভিনীত প্রথম সিনেমা ‘যব হ্যারি মেট সেজাল’ মুক্তির প্রথম দিনে আয় করেছে ১৫ কোটি ২৫ লাখ রুপি। এর মাধ্যমে বিগত তিন বছরে শাহরুখ অভিনীত সবচেয়ে কম উদ্বোধনী আয়ের সিনেমায় পরিণত হলো এটি।
শুক্রবার ভারতের ৩২০০ হলে মুক্তি পায় আনুশকা শর্মার সঙ্গে শাহরুখের তৃতীয় সিনেমা ‘যব হ্যারি মেট সেজাল’। প্রথম দিনে এর আয়ের অঙ্ক জানিয়ে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করেন, “ভারতে শুক্রবারে ‘যব হ্যারি মেট সেজল’-এর আয় ১৫ কোটি ২৫ লাখ রুপি। সম্মানজনক আয়ের জন্য শনি ও রোববারের ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ সিনেমাটির জন্য।”
গত তিন বছরে শাহরুখ অভিনীত সিনেমাগুলির মধ্যে এই আয় সর্বনিম্ন। এর আগে ২০১৬’র সিনেমা ‘ফ্যান’-এর সাড়ে ১৯ কোটি রুপির উদ্বোধনী আয়ই ছিল শাহরুখের সবচেয়ে কম উদ্বোধনী আয়ের সিনেমা।
তবে, চলতি বছরে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমাগুলোর মধ্যে ‘যব হ্যারি মেট সেজাল’-এর আয় উঠে এসেছে চতুর্থ সর্ব্বোচ্চ উদ্বোধনী আয়ের অবস্থানে। ৪১ কোটি রুপির আয় নিয়ে এখনও শীর্ষে ‘বাহুবলী: টু’; ২১ কোটি রুপির আয়ে সালমান খানের ‘টিউবলাইট’-এর অবস্থান দ্বিতীয়। এর পরেই আছে বছরের শুরুতে মুক্তি পাওয়া শাহরুখেরই আরেক সিনেমা ‘রইস’-এর ২০ কোটি ৪২ লাখ রুপির আয়।
বক্স অফিসের পাশাপাশি সমালোচকদের নিন্দার মুখেও পড়েছে ‘যব হ্যারি মেট সেজাল’। ফলে এই সিনেমার ভবিষ্যত নিয়ে সন্দিহান এখন অনেকেই।
৯০ কোটি রুপি বাজেটের সিনেমাটি হিট হতে হলে কমপক্ষে দেড়শ’ কোটি রুপির ব্যবসা করতে হবে। এরমধ্যেই স্যাটেলাইট ও পরিবেশন সত্ত্ব বিক্রির মাধ্যমে ২৫ কোটি রুপি আয় করেছে এটি।
