বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে সিনেমা
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাত-ই মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন অরণ্য পলাশ। সিনেমার নাম ‘গন্তব্য’। বৃহস্পতিবার (৩ আগস্ট) চলচ্চিত্রটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে।
ছবিটির ৭০ ভাগ দৃশ্যধারণ শেষ হয়েছে ইতিমধ্যে । বাকি কাজ শিগগিরই শেষ হবে বলে জানিয়েছেন নির্মাতা। চলচ্চিত্রের মূল গল্পটি সঞ্জীবন শিকদারের পথনাটক ‘কই বলল’ থেকে নেয়া।
অরণ্য পলাশ জানালেন, “পথনাটক থেকে গল্পটি নেয়া হলেও সিনেমার মূল কেন্দ্রে থাকবে সাত-ই মার্চের ভাষণ। বাংলা, বাঙালি আর বাংলাদেশ-এই নিয়েই এগিয়ে যাবে সিনেমার গল্প।”
তিনি বললেন, “সেই সময়ের ভাষণটি বর্তমান সময়ের কথাও বলে। একই সঙ্গে আগামী প্রজন্মের কথাও এর মধ্যে আছে। এই দেশ, এই বাংলাদেশ আমার-এই কথাটা বঙ্গবন্ধুই আমাদের শুনিয়েছেন। উজ্জীবিত করেছেন দেশপ্রেমে। সেই জায়গা থেকেই অনুপ্রাণিত হয়েছি।”
ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও আইরিন। ফেরদৌস বলেন, “জেলের চরিত্রে অভিনয় করেছি। গল্পটা দারুণ। ভালো কিছুর জন্য অপেক্ষা করছি।”
ফেরদৌস-আইরিন ছাড়াও এতে আরো অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, এলিনা শাম্মী, কাজী রাজু, মাসুম আজিজ প্রমুখ।
