২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে থমকে গেল রজনীকান্তের সিনেমার শুটিং

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘কালা’র শুটিং থমকে গেল দক্ষিণভারতের সিনেমাকর্মীদের ধর্মঘটে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2017, 08:23 PM

Updated : 12 Apr 2022, 12:03 AM

মঙ্গলবার থেকে ন্যায্য পারিশ্রমিকের দাবিতে দক্ষিণভারতের সিনেমাকর্মীদের সংগঠন এফইএফসিআই-এর হাজারখানেক সদস্য অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। এতে করে ৪০ টি দক্ষিণী সিনেমার কাজ থমকে গেছে।

এরমধ্যে পড়ে গেছে রজনীকান্তের সিনেমা ‘কালা’ও।

শুটিং থমকে যাওয়ার ঘটনা ভাবিয়ে তুলেছে রজনীকান্তকে। এ ব্যাপারে অতিদ্রুত সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছেন তিনি।

সেখানে তিনি লিখেছেন, “ধর্মঘট হলো এমন এক জিনিস, যেটা আমি পছন্দ করি না। যত সমস্যাই থাকুক না কেন, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সবার ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে সমাধানে আসতে হবে। বর্ষীয়ান অভিনেতা হিসেবে আমি এফইএফসিআই এবং টিপিএফসিকে (তামিল ফিল্ম প্রোডিউসার্স কাউন্সিল) অনুরোধ করবো একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে দ্রুত এর একটি সমাধানে আসার জন্য।”

পা রনজিতের পরিচালনায় ‘কালা’য় রজনীকান্তের পাশাপাশি আরও অভিনয় করছেন নানা পাটেকর, হুমা কুরেশি এবং ঈশ্বরী রাওদের মতো তারকারা। সিনেমাটির প্রযোজনা করছেন রজনীকান্তের মেয়ে-জামাই ধানুশ।