আইসিইউ’তে আবদুল জব্বার
সংগীতশিল্পী আবদুল জব্বারের দু’টি কিডনিই নষ্ট হয়ে গেছে। মাসতিনেক ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন তিনি। গতকাল (১ আগষ্ট) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ’তে স্থানান্তর করা হয়েছে।
শিল্পীপুত্র বাবু জব্বার গ্লিটজকে জানিয়েছেন, “সর্বশেষ দু’তিন দিন তার শারীরিক অবস্থা খানিকটা ভালো ছিল। কিন্তু গতকাল (১ আগষ্ট) রাত থেকে হুট করেই রোগের প্রকোপ বাড়তে থাকে। ডাক্তাররা দেরি না করে সঙ্গে সঙ্গেই আইসিইউ’তে নেয় বাবাকে।”
বেশ ক’দিন ধরেই ডায়ালাইসিসের উপর আছেন তিনি। এতে প্রচুর টাকা লাগছে বলে জানিয়েছেন বাবু। ফলে আর্থিক সংকটে ভুগছে তার পরিবার। বললেন, “একটা ইঞ্জেকশনের দাম ১২ হাজার টাকা। প্রতি সপ্তাহে একটা করে ইঞ্জেকশন দিতে হয়। বাইরে নিলে বাবা সুস্থ হবেন। কিন্তু আর্থিক সংকটে বাবাকে বিদেশে নিতে পারছি না।”
এই অবস্থায় প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করছে আবদুল জব্বারের পরিবার।
‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’, ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’সহ অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি। মুক্তিযুদ্ধের সময় তিনি গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন। তিনি স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন আন্তর্জাতিক পদক অর্জন করেছেন।
