‘সিক্রেট সুপারস্টার’এ আমির ও ‘দঙ্গল’ কন্যা জাইরা’র চমক
এখনও বক্সঅফিসে ব্যবসা করছে আমির খানের সাড়াজাগানো সিনেমা ‘দঙ্গল’। এবার আসছে আমির ও ‘দঙ্গল’ কন্যা জাইরা ওয়াসিমের নতুন ছবি ‘সিক্রেট সুপারস্টার’।
২০১৬’র সাড়াজাগানো স্পোর্টস ড্রামা ‘দঙ্গল’এর ববিতা কুমারীর কথা নিশ্চয়ই মনে আছে দর্শকের? ববিতার ছোট বয়সের চরিত্রে অভিনয় করা জাইরা ওয়াসিমকে এবারে দেখা যাবে আমির খানের নতুন সিনেমা ‘সিক্রেট সুপারস্টার’এ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, প্রকাশের পরপরই ভালো সাড়া পেয়েছে ‘সিক্রেট সুপারস্টার’এর মিনি টিজার ও পোস্টার। এ সিনেমায় বাবার নিষেধ সত্ত্বেও এক গান পাগল কিশোরীর বোরখা পরে ইউটিউবে নিজের গান শেয়ার করা ও রাতারাতি তারকা খ্যাতি পাওয়ার গল্প বলা হয়েছে।
পোস্টারে স্কুল ড্রেস পরা জাইরাকে একটি পাতাঝরা পথে হেঁটে যেতে দেখা গেছে। পোস্টারে নজর কেড়েছে গাছের পাতার বদলে কাগজে লেখা গানের স্বরলিপি! টিজারে আমিরকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন রূপে। ‘দঙ্গল’এর বুড়োটে মহাবীর ফোগাতের খোলস ছেড়ে ব্লন্ড চুলের আমিরকে দেখে চমকে যাবেন সকলে।
আসছে দিওয়ালীতে মুক্তি পেতে যাচ্ছে ‘সিক্রেট সুপারস্টার’। ২ আগস্ট প্রকাশিত হবে এর পূর্ণাঙ্গ ট্রেইলার। সামনেই আরেক ‘দঙ্গল’ কন্যা ফাতিমা সানা শেখের বিপরীতে ‘ঠাগস অব হিন্দোস্তান’ সিনেমায় দেখা যাবে আমিরকে। এতে আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ প্রমুখ।
