দীর্ঘদিন পর চলচ্চিত্রে শিমুল
প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন তরুণ নির্মাতা রিয়াজুল রিজু। ২০১৫ সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কারসহ ৮টি বিভাগে মোট ৯টি পুরস্কার জিতেছে তার নির্মিত ‘বাপজানের বায়োস্কোপ’। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘প্রেমের কবিতা’।
শুধু নির্মাণই নয় চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপও থাকছে তারই। রিজু বললেন, “একটা দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প নিয়ে এবারের ছবি। একটা মিষ্টি প্রেমের গল্প বানাবো।আসছে নভেম্বরেই চলচ্চিত্রটির শুটিং শুরু হতে যাচ্ছে।”
কারা থাকছেন চলচ্চিত্রটির প্রধান চরিত্রে? সে খবর পুরোপুরি ফাঁস করলেন না রিজু। শুধু বললেন, “অল্পবয়েসী দুই তরুণ-তরুণীকে দেখা যাবে নায়ক-নায়িকা হিসেবে। সেগুলো এখনও কনফার্ম হয়নি। তবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মনির খান শিমুল। তার ক্যারেক্টারটা হিরো-হিরোইনের চেয়েও গুরুত্বপূর্ণ। আর তাছাড়া তিনি একজন গুণী অভিনেতা, আমার পছন্দের একজন মানুষ।”
১৯৯২ সালে নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘একাত্তরের যিশু’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দা দিয়েই অভিনয় জীবন শুরু করেন মনির খান শিমুল। তারপর ছোটপর্দায় নাটক ও মডেলিংয়ে জনপ্রিয়তা অর্জন করেন এ অভিনেতা। সর্বশেষ ২০০৯ সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র ‘মনপুরা’। নিয়মিত বিরতিতে ছোটপর্দায় নাটক ও বিজ্ঞাপনে দেখা দিলেও আট বছর পর ফিরছেন চলচ্চিত্রে।
প্রতিক্রিয়ায় শিমুল বললেন, “অভিনয়কে আমি কখনোই পেশা হিসেবে নিতে পারিনি। এটা সবসময় আমার জন্য প্যাশনের জায়গা। দীর্ঘদিন ধরেই কাজ করছি কিন্তু কম কাজ করেছি। চ্যালেঞ্জিং কাজগুলোই করতে চেয়েছি। হিরো ইমেজের বাইরে গিয়ে অভিনয়কেই প্রাধান্য দিয়েছি। দর্শকরা যারা আমাকে ভালোবেসেছেন তাদের প্রতি একটা দায়বদ্ধতা অনুভব করি। তাই কিছু কিছু কাজ করছি। চলচ্চিত্রেও সেভাবেই ফেরা।”
‘প্রেমের কবিতা’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে জনপ্রিয় এ অভিনেতা বলেন, “রিজু আমার খুব কাছের ছোটভাই, সে যখন এসে আবদার করলো, চরিত্রটাও আমার কাছে চ্যালেঞ্জিং মনে হলো তাই আমিও কথা দিয়েছি। আশা করছি কাজটা করবো। এখানে আমার চরিত্রটি ফিল্মের ভাষায় অ্যান্টিহিরো।”
শিমুল জানান, প্রায় পাঁচ বছর তিনি একটি বিজ্ঞাপনচিত্রে মডেলিং করেছেন। ছোটপর্দায় ব্যস্ত রয়েছেন নজরুল ইসলাম রাজু পরিচালিত এনটিভির ধারাবাহিক ‘সানফ্লাওয়ার’ নাটকে। এছাড়া অচিরেই তার প্রযোজনায় একটি আন্তর্জাতিক চলচ্চিত্রের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে।
