২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় উদীচীর ‘বৌবসন্তী’

৩১ জুলাই সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে উদীচীর নাটক ‘বৌবসন্তি’র প্রদর্শনী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 09:29 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

১৯৭১ এর মার্চের পর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত নাটকটির ব্যাপ্তি। তাও আপাতঃ প্রত্যক্ষ রাজনীতির বাইরে কোনো এক নিভৃত গ্রামের গল্প।  যুদ্ধের উত্তাল সময়ও যাদের স্পর্শ করে না। তারা যুদ্ধে যায় না, যুদ্ধ জানে না, দৈনন্দিন চুন খসাতেও রাগ করে, মরণ হাহাকারেও প্রেমে পড়ে, মানবিক সম্পর্কে জড়ায়। এই পাত্রপাত্রীরা আবার এ নাটকের সার্বক্ষণিক মানুষ- তাদের জীবনই ‘বৌবসন্তি’র নির্যাস।

এমনই এক বিচিত্র গল্প ভাবনায় মুক্তিযুদ্ধের রাজনৈতিক প্রেক্ষাপটের নাটকটি রচনা করেছেন রতন সিদ্দিকী। এটি নির্দেশনা দিয়েছেন আবুল কালাম আজাদ। 

নাটকটি প্রসঙ্গে নাট্যকার এবং উদীচী শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি রতন সিদ্দিকী বলেন, “নাটকের সময়কাল ১৯৭১ সাল। পূর্ব পাকিস্তানে নাটকের আরম্ভ আর বাংলাদেশে এসে সমাপ্তি। যখন পূর্ব পাকিস্তান ছিল তখনও স্বাধিকার প্রমত্ত বাঙালি ছিল। আর যখন বাংলাদেশ তখনও বাঙালির মধ্যে লুকিয়ে আছে কতিপয় স্বাধীনতা বিরোধী। এই রাজনৈতিক বক্তব্যের প্রেক্ষাপটে কোনো এক গ্রামীন জনপদের জীবন বৈচিত্র প্রকাশ পেয়েছে নাটকে।”

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রতন দেব, আনোয়ারুল হক, মারুফ রহমান, শহিদুল আলম দীপু, অমিত রঞ্জন দে, হামিদুল ইসলাম হিল্লোল, তপন, বিজন রায়, রিফাত হোসেইন, জিয়াউর রহমান লিটু, ফাহমিদা হক কলি, আশরাফুন্নাহার মালা প্রমুখ।

নাটকের মঞ্চ ও আলো পরিকল্পনা করেছেন মো. সাইফুল ইসলাম, সংগীত পরিকল্পনা করেছেন রাহুল আনন্দ, পোশাক পরিকল্পনা করেছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন, আঞ্চলিক ভাষা প্রয়োগে সহযোগিতা করেছেন ফাহমিদা হক কলি, মুখোশ নির্মাণ করেছেন মছিহুদ্দৌলা আজাদ।