‘যার সঙ্গে কথা বলি না, তার সঙ্গে কাজ করবো কিভাবে?’
পরিচালক করণ জোহরের সঙ্গে কাজলের ২৫ বছরের বন্ধুত্বে ফাটল ধরেছে- এ খবর নতুন নয়। তা সত্ত্বেও শুভাকাঙ্খীদের অনেকেই আশা করছিলেন আবারও হয়ত এক সঙ্গে কাজ করবেন তারা। তবে সে সম্ভাবনাকে এক রকম উড়িয়েই দিলেন ‘দিলওয়ালে’ অভিনেত্রী।
করণ জোহরের অন্যতম সফল সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ ‘কাভি খুশি কাভি গম’, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’এ অভিনয় করেছেন কাজল। পেশাগত সম্পর্কের বাইরেও পরস্পরের ভালো বন্ধু হিসেবেই সবাই জানতেন তাদেরকে। তবে ২০১৬’তে এসে ফাটল ধরে তাদের এ বন্ধুত্বের। কাজলের স্বামী অজয় দেবগন পরিচালিত ‘শিবাই’ ছবির সঙ্গে মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয় করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’এর। তারই জেরে নোংরা কাদা ছোড়াছুড়ি শুরু করেন অজয় ও করণ। এ সময় স্বভাবতই স্বামীর পক্ষ নেন কাজল। ফলে দীর্ঘ দিনের বন্ধুত্ব শেষ হয়ে যায় কাজল ও করণের।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে করণ জোহরের সঙ্গে কাজ করা প্রসঙ্গে কাজল বলেন, “আমি সব সময় তাদের সঙ্গেই কাজ করি, যাদের সঙ্গে কাজ করে আমি মানসিকভাবে শান্তি পাই। যাদের সঙ্গে সম্পর্ক তিক্ততায় চলে গেছে তাদের সঙ্গে কিভাবে আমি সিনেমা করবো? সিনেমা করতে হলে অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে পরিচালকের প্রতিনিয়ত যোগাযোগ করতে হয় এবং কথা বলতে হয়। আমি যার সঙ্গে কথা বলি না, তার সঙ্গে কাজ করবো কিভাবে?”
এর আগে নিজের জীবনীতে কাজলকে নিয়ে লিখেছিলেন করণ জোহর। এতে করণ বলেছিলেন, তাকে নিয়ে ‘ঘুষ দেওয়া’র মতো নোংরা কথা ছড়িয়েছিলেন অজয়। তাই এরপরে আর কাজলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক আশা করতে পারেননি তিনি।
সামনেই মুক্তি পাচ্ছে কাজলের নতুন সিনমো ‘ভিআইপি টু’। তামিল অভিনেতা ধানুশের বিপরীতে এতে দেখা যাবে কাজলকে। ১৯৯৭ সালের ‘মিনসারা কানাভু’র পর এটি কাজলের দ্বিতীয় তামিল সিনেমা।
ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এক বেকার সিভিল ইঞ্জিনিয়ারের গল্প নিয়ে ২০১৪ সালে নির্মিত হয় ‘ভিআইপি’ সিনেমাটি। এবারে আসছে এর দ্বিতীয় কিস্তি ‘ভিআইপি টু’। এটি পরিচালনা করেছেন ধানুশের স্ত্রী ও রজনীকান্তের মেয়ে সুন্দরিয়া। ২৮ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে এ ছবিটি।
