আইফা বর্জন করেছে ‘দঙ্গল’ কর্তৃপক্ষ?
১৫ জুলাই পর্দা নেমেছে ১৮তম আইফা পুরস্কার আসরের। নিউইয়র্কে অনুষ্ঠিত এবারের আসরে বলিউডের সাড়াজাগানো সব সিনেমার নাম থাকলেও মনোনয়ন ও পুরস্কার তালিকার কোথাও ছিলো না ‘দঙ্গল’য়ের নাম। কারণটা ব্যাখ্যা করলেন আইফা কর্তৃপক্ষ।
আইফা’তে সেরা ছবির পুরস্কার জেতে ‘নিরজা’। ‘উড়তা পাঞ্জাব’ ছবির জন্য সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পান আলিয়া ভাট ও শাহিদ কাপুর। ‘পিঙ্ক’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার জেতেন অনিরুদ্ধ রায় চৌধুরী। কিন্তু কোনো বিভাগেই দেখা যায়নি গত বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘দঙ্গল’য়ের নাম। কারণটা ব্যাখ্যা করলেন আইফা কর্তৃপক্ষ।
আইএনএস বলছে, সম্প্রতি এক বিবৃতিতে আইফা কর্তৃপক্ষ জানায়, এবারের সিনেমা বাছাই প্রক্রিয়ায় ‘দঙ্গল’য়ের নামই পাননি তারা। অর্থাৎ আইফা পুরস্কারের জন্য ‘দঙ্গল’য়ের নামই নাকি পেশ করা হয়নি প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সে কারণেই পুরস্কার ও মনোনয়ন তালিকায় দেখা যায়নি আমির খানের এ সাড়াজাগানো সিনেমাটি।
এতে আরও বলা হয়, “সিনেমা বাছাই ও মনোনয়ন তালিকা তৈরির জন্য প্রতিটি চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠানের কাছে একটি ফর্ম পাঠানো হয়। সেই ফর্মে ওই প্রতিষ্ঠানের সিনেমাগুলো নাম ও তথ্য উল্লেখ করা হয়। পরবর্তীতে ওই সিনেমাগুলোর মধ্য থেকে দর্শকদের ভোট ও বিচারকদের রায়ে এগিয়ে থাকা সিনেমা ও কলাকুশলীদের নাম মনোনয়ন ও পুরস্কার তালিকায় স্থান পায়।”
ঠিক কী কারণে এমন হলো সে সম্পর্কে কিছু জানায়নি ‘দঙ্গল’ কর্তৃপক্ষ। তবে আইফাতে ‘দঙ্গল’য়ের নাম না থাকায় ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। এমনকি এ নিয়ে আইফা’কে প্রশ্নবিদ্ধও করা হয়েছে নানা মহল থেকে। শুধু ‘দঙ্গল’ই নয় আইফা’র এবারের তালিকায় বাদ পড়েছে অক্ষয় কুমারের ‘এয়ারলিফ্ট’ সিনেমাটিও।
