২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিবকে নিষিদ্ধ করা হয়নি : ফারুক

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র ঐক্যজোট। জোটের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক বললেন, শাকিবকে আমরা নিষিদ্ধ করিনি। আমরাই তার সঙ্গে আর কোনো কাজ করব না।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 07:09 PM

Updated : 11 Apr 2022, 11:57 PM

চলচ্চিত্র পরিচালক সমিতির পর এবার চলচ্চিত্র ঐক্যজোটও কি চিত্রনায়ক শাকিব খানকে নিষিদ্ধ করল? চলচিত্র ঐক্যজোটের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশের পর থেকেই প্রশ্নটা মাথা চাড়া দিয়ে উঠেছে। আসলে ঘটনাটা কী?

গ্লিটজের সঙ্গে আলাপকালে ঐক্যজোটের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক বিষয়টি পরিষ্কার করলেন, “শাকিবকে নিষিদ্ধ করা হয়নি।”

তাহলে? ফারুকের ভাষ্য, “তার সঙ্গে আমরা আর কাজ করব না। এই মুহূর্তে ১৬টি চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা তার সঙ্গে কোনো প্রকার কাজ করবে না। এমনকি ক্যামেরাম্যান থেকে শুরু করে মেকআপ ম্যান পর্যন্ত তার সঙ্গে কাজ করবে না।”

শাকিবের সঙ্গে কাজ না করার কারণ কী? তিনি বললেন, “সে ইন্ডাস্ট্রিকে ‘স্টুপিড’ বলেছে। সে জানে এই ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা কে? বঙ্গবন্ধু। ইন্ডাস্ট্রিকে স্টুপিড বলা মানে বঙ্গবন্ধুকে গালি দেয়া। এটা গুরুতর অপরাধ। পাশাপাশি বিভিন্নজনকে গালাগাল দিয়েছে।”

শাকিবসহ যৌথপ্রযোজনার চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আগ্রহ দেখালে তাদের সঙ্গে বৈঠকের সম্ভবনা আছে বলে জানা গেছে। যেমনটা জানালেন, “মাঝে ওরা একবার আমার সঙ্গে যোগাযোগ করেছিল। শরীরটা ভালো ছিল না। তাই সেভাবে আলোচনা হয়নি। সামনে জাতীয় চলচ্চিত্র উৎসব আছে। উৎসবের পর তাদেরকে আমি ডাকব। সারা জীবন এসব নিয়ে বসে থাকলে তো চলবে না। আমাদের মূল হলো এদেশের শিল্পীদের জীবনমান উন্নত হোক। কাকে ব্যান করা হলো সেটা কোনো বিষয় না।”