খুব মনোযোগ দিয়ে গানটা করেছি : কুসুম শিকদার
অভিনয়ের কুসুম শিকদারকে সবাই চেনে। ১৮ বছর পর এবার হাজির হচ্ছেন সংগীতশিল্পী হিসেবে। চলতি মাসেই আসছে তার নতুন গান।
অভিনয়গুণে দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করে ফেলেছেন কুসুম শিকদার। ‘গহীনে শব্দ’ ও ‘লাল টিপ’-এর পর নির্মাতা গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ সিনেমায় অভিনয় করে উঠে এসেছেন প্রাদপ্রদীপের আলোয়। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ছবিটি। প্রশংসাও কুড়িয়েছে বোদ্ধামহলে।
শঙ্খচিলের আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। এমনকি নেই ছোটপর্দায়। কারণ? কুসুম জানালেন, “আমি তো সংসারী মানুষ। সংসার করি।”
সংসার সামলিয়ে টুকটাক গান করছেন। ‘জানি না কেন সে বলে গেল’ শিরোনামে গানের রেকর্ডিংসহ যাবতীয় কাজ শেষে হয়েছে। গানটির কথাও লিখেছেন নিজেই। সুর করেছেন হৃদয় খান। দুটি ভার্সনে প্রকাশ পাবে গানটি। একটি সলো আর অন্যটি হৃদয় খানের সঙ্গে ডুয়েট।
গান নিয়ে গ্লিটজকে তিনি জানালেন, “প্রযোজনা প্রতিষ্ঠানকে গানটা দিয়ে দিয়েছি ইতিমধ্যেই। চলতি মাসেই রিলিজ পাবে। খুব মনোযোগ দিয়ে গানটা করেছি। যেমনটা গাইতে চেয়েছি তেমনটাই হয়েছে। ভালো কিছুই হবে আশাকরি।”
এছাড়া গতবছর ‘সিম্ফোনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেছিলেন।
শখের বশে তিনি যে গান করছেন এমনটা ভাবার সুযোগ আসলে নেই। অভিনয়ে আসার আগে তিনি পুরোদস্তুর সংগীতশিল্পীই ছিলেন। ১৯৯৯ সালে তিনটি অডিও অ্যালবাম বের হয়েছিল তাঁর—‘তুমি আজ কত দূরে’ (একক), ‘জীবনের যত চাওয়া’ আর ‘অদলবদল’ (মিক্স)। পরবর্তীতে অভিনয়ে ব্যস্ততা বেড়ে যাওয়ায় তারপর আর গানে দেখা যায়নি তাকে।
