২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএন বাংলার দুই দশক পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন

আগামী ১৫ জুলাই পথচলার দুই দশক পূর্ণ করে ২১ বছরে পা রাখছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ স্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2017, 07:32 PM

Updated : 11 Apr 2022, 11:56 PM

২১ বছরে পদার্পণ উপলক্ষে জন্মদিনে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে এটিএন বাংলা। সকাল ৮টা ৩০মিনিটে প্রচার হবে ‘দুই দশ এক’ শিরোনামে বিশেষ অনুষ্ঠান। ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ‘আমরা করবো জয়’ এর বিশেষ পর্ব। বেলা ১১টায় কেক কাটা এবং দিনব্যাপী শুভেচ্ছা গ্রহণ সরাসরি সম্প্রচার ছাড়াও বেলা ৩টা ১০মিনিটে থাকবে যাত্রাপালা ‘মিডিয়া মুঘল’। ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে বায়োগ্রাফি ‘আমি তোমাদেরই লোক’।

সন্ধ্যা ৭টার সংবাদের পর সরাসরি সম্প্রচার করা হবে ভারতের প্রখ্যাত শিল্পী শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলী ও দোয়েল গোস্বামীর অংশগ্রহণে ‘লাইভ ইন ঢাকা’ শিরোনামের অনুষ্ঠান। অনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের পাশাপাশি শর্মিলা ঠাকুরের সঙ্গে নাচে অংশগ্রহণ করবেন দেশের ৪ জন স্বনামধন্য শিল্পী তারিন, নিপুণ, নাদিয়া ও চাঁদনী। দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন এর উপস্থাপনায় অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করবেন ফয়সাল মাহমুদ ও রুমানা  আফরোজ।

এছাড়া রাত ১১টায় প্রচার হবে ফাগুন অডিও ভিশন নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। এবারের পাঁচফোড়ন উপস্থাপনা করেছেন মীর সাব্বির ও সাজু খাদেম।