১৭ বছর পর জুটি বাঁধলেন ঐশ্বরিয়া-অনিল কাপুর
সুভাষ ঘাই’য়ের ‘তাল’ ও সতীশ কৌশিকের ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ সিনেমায় দর্শকপ্রিয় হয়েছিলো অনিল কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চন জুটি। এবারে অতুল মুখার্জীর মিউজিক্যাল ড্রামা ‘ফ্যানি খান’য়ে জুটিবদ্ধ হলেন তারা।
বয়স চল্লিশের ঘর পেরোলেও এখনও ফুরিয়ে যাননি ঐম্বরিয়া রাই বচ্চন। বয়সের সঙ্গে পাল্লা দিয়েই যেন বাড়ছে তার জনপ্রিয়তা। ২০১৬’র দুই সিনেমা ‘সর্বজিত’ ও ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ দিয়ে হয়েছিলেন খবরের শিরোনাম। এবারে দীর্ঘ ১৭ বছর পর অনিল কাপুরের বিপরীতে জুটি বাঁধতে চলেছেন বচ্চন বধূ।
‘ফ্যানি খান’য়ের একাধিক গানের প্লেব্যাকের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অনিল কাপুর- এ খবর শোনা গিয়েছিলো আগেই। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সম্প্রতি এ ছবির দৃশ্যধারণের চূড়ান্ত দিন তারিখ ঘোষণা করলেন প্রযোজক ভূষণ কুমার। বলিউড বক্সঅফিস বিশ্লেষক তরণ আদর্শের টুইট পোস্টের মাধ্যমে জানা যায়, আগস্টের শেষের দিকে শুরু হবে এ ছবির শুটিং। ঐশ্বরিয়া অংশ নেবেন অক্টোবরে।
২০১৮’য়ের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে এ ছবিটিরি। ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’য়ে আবেদনময়ী রূপে হাজির হওয়া ঐশ্বরিয়াকে আবারও বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছে তার ভক্তরা। নতুন ছবিতে কী চমক নিয়ে হাজির হন এ সাবেক বিশ্বসুন্দরী সেটিই এখন দেখার বিষয়।
