শুটিঙে আহত জেরেমি রেনার
অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে শুটিং সেটে আহত হলেন হলিউড অভিনেতা জেরেমি রেনার। শুক্রবার কমেডি ছবি ‘ট্যাগ’য়ের শুটিং সেটে ঘটেছে এই দুর্ঘটনা।
‘হার্ট লকার’, ‘অ্যারাইভাল’, ‘মিশন ইমপসিবল’ সহ একাধিক সাড়াজাগানো সিনেমায় দেখা গেছে অভিনেতা জেরেমি রেনারকে। জনপ্রিয় মার্ভেল সুপারহিরো ‘দ্যা অভেঞ্জার্স’, ‘ক্যাপটেন আমেরিকা: সিভিল ওয়ার্স’সহ বেশ কিছু সিনেমায় দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ২০১৮ তে মুক্তি প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার্স’য়ের অ্যাকশন দৃশ্যে দর্শক মাত করবেন এ তারকা- এমনটাই প্রত্যাশা দর্শকের।
কিন্তু যে সিনেমার অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আহত হলেন তিনি, সেটি হলো এক কমেডি সিনেমা!
ভ্যারাইটি বলছে, দুর্ঘটনায় ডান হাতের কনুই ও বাম হাতের কব্জির হাড়ে ফটাল ধরেছে তার।
এ ব্যাপারে তিনি বলেন, “ট্যাগ একটি কমেডি সিনেমা। এতে আহামরি কোনো স্টান্টদৃশ্য নেই। তবে ছোটখাটো কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে। তাই বাকি শুটিং শেষ করতে খুব একটা অসুবিধা হবে না।”
জেরেমি আরও বলেন, “এটা আমার কাজেরই অংশ। আমি সমস্যা সমাধানে পারদর্শী। আশা করছি এর জন্য আমার কাজে কোনো সমস্যা হবে না। ডাক্তারের পরামর্শে যত দ্রুত সম্ভব সেরে ওঠার চেষ্টা করছি। এ মুহূর্তে আমার সবচেয়ে বেশি যে সমস্যাটি হচ্ছে তা হলো জুতার ফিতা বাঁধা ও জামা কাপড় পরা।”
৪ আগস্ট যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে এ তারকার নতুন ছবি ‘উইন্ড রিভার’।
