শ্রেয়ার প্রথম একক ‘ধড়কানে আজাদ হ্যায়’
ক্যারিয়ারের ১৫ বছরেরও বেশি পেরিয়ে গেলেও হিন্দি সিনেমার বাইরে এতদিন নিজের একক গান প্রকাশ করেননি সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। এবারে তিনি প্রকাশ করলেন ‘ধড়কানে আজাদ হ্যায়’- নিজের প্রথম হিন্দি একক গান।
শুধু তাই নয়, এবারই প্রথম সিনেমার বাইরের কোনো গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর প্রযোজনা এবং এর মিউজিক ভিডিওতেও অংশ নিলেন তিনি।
আইএএনএসকে এ ব্যাপারে তিনি বলেন, “আমি খুবই উচ্ছ্বসিত এই বছরে সিনেমা এবং কনসার্টের কাজের বাইরেও নিজের জন্য এরকম নতুন কিছু করতে পেরে। সিনেমার সীমারেখার বাইরে গাইতে পারাটা সবসময়ই আনন্দদায়ক; কিন্তু এবারই প্রথম আমি প্রযোজনার কাজও কাঁধে তুলে নিয়েছি আর আমার দারুণ প্রতিভাধর বন্ধুরা পাশে এসে দাঁড়িয়েছে। এই গানে আমি স্বপ্নের একদল মানুষের সঙ্গে কাজ করেছি।”
শ্রেয়া আরও জানান, “দীপক পণ্ডিত গানটির সুর করেছেন, মনোজ মুনতাসিরের অসাধারণ কথার উপরে। মিউজিক ভিডিওর নির্মাতা এবং ডিরেক্টর অফ ফটোগ্রাফি হলেন পরাশর বড়ুয়া। তিনি ঠিক আমার কল্পনার মতো করেই ভিডিওটি নির্মাণ করেছেন।”
১০ জুলাই নিজের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ করবেন শ্রেয়া ঘোষাল। হিমাচল প্রদেশের মানালিতে গানটির শ্যুটিং হয়েছে।
