‘মম’ ছবির ট্রেইলারে অপ্রতিরোধ্য শ্রীদেবী
‘ইংলিশ ভিংলিশ’য়ের পর আবারও নতুন ছবি নিয়ে আসছেন শ্রীদেবী। ‘মম’ নামের এ ছবিতে এক প্রতিশোধপরায়ণ মায়ের ভূমিকায় দেখা যাবে তাকে। ট্রেইলারে অপ্রতিরোধ্য শ্রীদেবী এরমধ্যেই পরিণত হয়েছেন দর্শক আগ্রহের কেন্দ্রে।
ক’দিন আগেই ‘মাতৃ’ সিনেমায় মেয়ের প্রতি অন্যায়ের বিরুদ্ধে লড়াকু এক মায়ের চরিত্রে দেখা গেছে রবীনা ট্যান্ডনকে। এবারে শ্রীদেবীকে দেখা যাবে এক প্রতিশোধ পরায়ণ মায়ের চরিত্রে। বরাবরই অভিনয় দিয়ে দর্শক মাত করে এসেছেন শ্রীদেবী। এবারে ‘মম’ ছবিতে আবারও নতুন অবতারে দেখা যাবে ‘জুলি’, ‘নাগিন’, ‘চাঁদনী’ সহ অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দেওয়া এ বলিউড অভিনেত্রীকে।
এনডিটিভি জানায়, ‘মম’ ছবিতে দেবকী চরিত্রে দুই সন্তানের এক মায়ের ভূমিকায় দেখা যাবে ‘ইংলিশ ভিংলিশ’ অভিনেত্রী শ্রীদেবীকে। এতে শ্রীদেবীর মেয়ের চরিত্রে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী সজল আলীকে। এ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ‘বজরঙ্গী ভাইজান’ অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকী।
সম্প্রতি প্রকাশিত এ ছবির ট্রেইলারে দেখা গেছে অপ্রতিরোধ্য শ্রীদেবীকে। মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের প্রতিশোধ নিতে নিজেকে প্রস্তুত করছেন শ্রীদেবী- এমনই দেখা গেছে ‘মম’ ছবির ট্রেইলারে। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে শ্রীদেবী বলেন, “ইংলিশ ভিংলিশ’য়ের পর নতুন করে অভিনয়ের ইচ্ছা ছিলো না। বনি’র অনুরোধে ‘মম’য়ের চিত্রনাট্যটি পড়ি। চিত্রনাট্য পড়ে আমার এতই ভালো লেগেছে যে, আর না করতে পারিনি। এ ছবিতে সম্পূর্ণ ভিন্নধর্মী চরিত্রে দর্শক দেখতে পাবে আমাকে। ছবিটি সবার কেমন লাগলো তা জানার অপেক্ষায় রইলাম।”
শ্রীদেবীর ‘মম’ সহ-অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকী বলেন, ‘শ্রীদেবীর অনেক বড় ভক্ত আমি। তার সঙ্গে পর্দা ভাগাভাগি করতে পারা আমার জন্য অনেক সৌভাগ্যের।” ৭ জুলাই মুক্তি পেতে চলেছে এ সিনেমাটি।
