২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদীর ইসরায়েল সফর নিয়ে বীণার কটূক্তি

বিতর্কিত পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিক জন্ম দিলেন নতুন এক বিতর্কের। পাকিস্তানি এক টিভি চ্যানেলে সংবাদ পাঠের সময় ইসরায়েল সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটূক্তি করেন তিনি, যা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 06:35 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

পাকিস্তানি চ্যানেল পাক নিউজে প্রচারিত ‘ব্রেকিং উইথ বীণা মালিক’ নামের একটি অনুষ্ঠানে বীণা মালিক তুলে ধরছিলেন নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর ও এর রাষ্ট্রপ্রধান বেনিয়ামিন নেতানিয়াহুর সাক্ষাতের সংবাদ। এই সংবাদের শুরুতেই তিনি বলে ওঠেন, “এখন আমরা কথা বলবো পৃথিবীর দুই শয়তান রাষ্ট্রের ব্যাপারে, যাদের মূল লক্ষ্যই হলো মুসলমানদের বিনাশ! জ্বি, আমি বলছি ভারত এবং ইসরায়েলের কথা।”

তিনি আরও বলেন, “এই দুই দেশই মুসলমানদের রক্তের পিয়াসী। ভারত কাশ্মিরের নিরিহ মুসলমানদের উপর অকথ্য অত্যাচার চালিয়ে তাদের হত্যা করে আসছে, আর ইসরায়েলও একইরকম বর্বরতা চালিয়ে আসছে ফিলিস্তিনের উপর।”

ভারতের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি ইসরায়েল সফরে গেছেন নরেন্দ্র মোদী। ভারতের প্রতিবেশী পাকিস্তানের কাছে এই সফর খুবই গুরুত্ববহ, কারণ এর মাধ্যমে দুই দেশের মধ্যকার বেশ কিছু চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে, যাতে জড়িয়ে আছে পাকিস্তানের স্বার্থ। পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন যদিও দাবি করছে দেশটির এই সফর নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য নেই।

তবে এককালের অভিনেত্রী বীণা মালিক এই ব্যাপারে করেছেন কড়া মন্তব্য। বেনিয়ামিন নেতানিয়াহুকে নরেন্দ্র মোদীর ‘বড়ে আব্বু’ অভিহিত করে বীণা দুই নেতার সাক্ষাতকে বলছেন, “সাপ এবার সাপুড়ের সঙ্গে দেখা করতে গেছে”!

 

টুইটারে পাক নিউজের অফিশিয়াল পেইজ থেকে শেয়ার করা বীণার এই এক মিনিট দশ সেকেন্ডের ভিডিওটি ভারতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, “এককালে ভারতীয় ছবিতে কাজ করে আলোচনায় আসতে চাওয়া বীণা মালিক খুবি বেশি সুবিধা করতে পারেননি। এবার সংবাদ পাঠিকা হয়েও তিনি চাইছেন বিতর্কের জন্ম দিতে!”