মেলবোর্নে এবার আমিরের প্রতিদ্বন্দ্বী অমিতাভ
ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্নের এবারের আসরের সেরা অভিনেতার বিভাগে মনোনয়ন পেয়েছেন বলিউডি দুই তারকা আমির খান ও অমিতাভ বচ্চন।
এই মুহূর্তে পরবর্তী সিনেমা ‘ঠগস অফ হিন্দুস্তান’-এ একত্রে কাজ করছেন এই দুই অভিনেতা। দুজনেরই দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন আমির ও অমিতাভ। তবে তার আগে পুরস্কারের মঞ্চ মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দিল ভারতের অন্যতম দুই সফল অভিনেতাকে।
অমিতাভ বচ্চন সেরা অভিনেতার বিভাগে মনোনয়ন পেয়েছেন ২০১৬’র সিনেমা ‘পিঙ্ক’-এর জন্য। ওদিকে আমির মনোনয়ন পেয়েছেন তার ব্লকবাস্টার হিট সিনেমা ‘দঙ্গল’-এর জন্য।
এই বিভাগে আরও লড়ছেন সুশান্ত সিং রাজপুত, তার ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’র জন্য। মনোনীত হয়েছেন রাজকুমার রাও, সাইকোলজিকাল থ্রিলার ‘ট্র্যাপ্ড’-এর জন্য। ‘মুক্তি ভবন’ সিনেমার জন্য মনোনীত হয়েছেন আদিল হুসেন এবং ললিত ভেল।
সেরা অভিনেত্রীর বিভাগে মুখোমুখি লড়বেন বিদ্যা বালন এবং আলিয়া ভাট। ‘কাহানি টু’ এবং ‘ডিয়ার জিন্দেগি’র জন্য যথাক্রমে মনোনয়ন পেয়েছেন বিদ্যা বালন এবং আলিয়া ভাট। তনিষ্ঠা চ্যাটার্জী মনোনয়ন পেয়েছেন ‘ডক্টর রকমাভাই’-এর জন্য। ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’র জন্য মনোনীত হয়েছেন রত্না পাঠক শাহ এবং কঙ্কণা সেন শর্মা।
সেরা নির্মাতার বিভাগে আছে চমক। ‘বাহুবলী টু’-এর এস এস রাজামৌলি কিংবা ‘দঙ্গল’-এর নিতেশ তিওয়ারিদের পাশে স্থান করে নিয়েছেন বাঙালি নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত, তার ‘টোপ’ সিনেমাটির জন্য।
এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন কঙ্কণা সেনশর্মা (আ ডেথ ইন দ্য গুঞ্জ), অলঙ্কৃতা শ্রীবাস্তব (লিপস্টিক আন্ডার মাই বোরখা), বিক্রমাদিত্য মোটওয়ানে (ট্র্যাপড), এন পদ্মকুমার (আ বিলিয়ন কালার স্টোরি) এবং নিখিল মাঞ্জু (রিজার্ভেশন)।
