২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোল্ড’য়ে সাদা কালো অক্ষয়

সামনেই মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘টয়লেট এক প্রেম কথা’। এরই মধ্যে নতুন ছবি ‘গোল্ড’য়ের দৃশ্যধারণের কাজে লন্ডনে পাড়ি জমিয়েছেন তিনি। সম্প্রতি টু্ইটারে নতুন সিনেমার দৃশ্যধারণের একটি ছবি প্রকাশ করেছেন অক্ষয়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2017, 07:58 PM

Updated : 19 Aug 2022, 04:58 PM

অবস্থা দেখে মনে হচ্ছে এ বছরও বক্সঅফিস কাঁপাতে চলেছেন ‘রুস্তম’ তারকা অক্ষয় কুমার। চলতি বছরই মুক্তি পেয়েছে তার ‘জলি এলএলবি টু’। প্রায় দুইশো কোটির কাছাকাছি ব্যবসা করেছে এ কোর্টরুম কমেডি সিনেমা। সামনেই সোনম কাপুরের বিপরীতে ‘প্যাডম্যান’ সিনেমায় দেখা যাবে তাকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ২০১৮’তে মুক্তি পাবে অক্ষয়ের নতুন ছবি ‘গোল্ড’। ১৯৪৮ সালের পটভূমিতে নির্মিতব্য এ স্পোর্টস ড্রামাতে স্বাধীন ভারতের প্রথম অলিম্পিক গেমসের স্বর্ণ জয়ের ঘটনার কথা বলা হয়েছে। এতে একজন হকি খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন টিভি সিরিয়াল ‘নাগিন’য়ের অভিনেত্রী মৌনী রায়।

সিনেমার নাম ‘গোল্ড’ হলেও ছবিতে দেখা গেলো সাদা-কালো অক্ষয়কে। টুইটারে প্রকাশিত ‘গোল্ড’য়ের প্রথম দিনের শুটিংয়ের একটি ছবিতে কোট-টাই পরা অক্ষয়কে দেখে তার চরিত্রটি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া না গেলেও আবারও নতুন অবতারে প্রিয় তারকাকে দেখবেন দর্শক- এটা বলা যাবে নিঃসন্দেহে।

ছবির ক্যাপশনে অক্ষয় লিখেছেন, “আবারও নতুনভাবে যাত্রা শুরু হলো। এবারের লক্ষ্য স্বর্ণ ছাড়া আর কিছুই নয়! ‘গোল্ড’ ছবির প্রথম দিনের শুটিং থেকে বলছি। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ চাই।”

অক্ষয়ভক্তদের জন্য নতুন খবর হলো, বলিউডের ব্যস্ততম এ অভিনেতাকে সামনেই দেখা যাবে কমেডি টিভি অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়া লাফটার চ্যালেঞ্জ’য়ের বিচারক হিসেবে।