২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ড্যান্স প্লাস’-এ বলিওয়াক করবেন বাংলাদেশের হৃদি

ভারতের স্টার প্লাস চ্যানেলের রিয়্যালিটি শো ‘ড্যান্স প্লাস’-এ নাচের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলাদেশের নৃত্যশিল্পী ও অভিনেত্রী হৃদি শেখ।  আজ শনিবার ‘ড্যান্স প্লাস’-এর মঞ্চে দেখা যাবে বাংলাদেশি এই নৃত্যশিল্পীকে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2017, 08:11 PM

Updated : 11 Oct 2022, 02:13 PM

জন্মেছেন বাংলাদেশে। কিন্তু বেড়ে উঠেছেন রাশিয়ায়। তাই  দুটো দেশকেই এই মঞ্চে প্রতিনিধিত্ব করছেন এ শিল্পী।

বললেন, “ভারতের এত বড় একটি রিয়্যালিটি শো’তে একই সঙ্গে বাংলাদেশ ও রাশিয়ার প্রতিনিধিত্ব করতে পেরে দারুণ খুশি আমি।”

‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫’ চ্যাম্পিয়ন হৃদির স্বপ্ন নাচকে ঘিরেই।  রাশিয়া ও ইউক্রেনের বেশকিছু রিয়েলিটি শো’তে নাচের পারফর্ম করেছেন তিনি। এবার ভারতে। তবে, যে মুদ্রায় নাচবেন তিনি তার নামটা একটু ভিন্ন- বলিওয়াক। বলিউডি ঢংয়ের সঙ্গে ভারতীয় চিরায়ত নৃত্যশৈলী, অর্থাৎ, কত্থক নৃত্য, ভরতনাট্যমসহ নানা শৈলীর একটি ফিউশন এই বলিওয়াক ।  ড্যান্সপ্লাস এর মঞ্চে এ নৃত্যশৈলী উপস্থাপনেই দেখা যাবে হৃদিকে।  কোরিওগ্রাফার যিনি- যুক্তরাষ্ট্রের কুমারী সুরজ; তিনি তাঁর বলিওয়াক-এর জন্য সারাবিশ্বে একনামেই পরিচিত।

তো, এই কুমারী সুরজের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত হৃদি। দর্শকদের আমন্ত্রণ জানিয়ে বললেন, “কুমারী সুরজের সঙ্গে টিভিপর্দায় ইতিহাস সৃষ্টির জন্য হাজির হচ্ছি আমরা। প্রতি শনি ও রোববার সাড়ে আটটায় চোখ রাখুন স্টার প্লাসের পর্দায়।”

হৃদি জানান,  ড্যান্স প্লাসে অংশ নিতে গত ৬ জুন মুম্বাই যান তিনি। ১০ জুন থেকে শুরু হয় তাদের অডিশন রাউন্ডের শুটিং। তাদের দলে  বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, রাশিয়া, থাইল্যান্ড, নরওয়ের প্রতিযোগী আছেন।