জন্মদিনে উৎসব নয়, দর্শকের জন্য জয়ার নতুন উপহার
কাল ১ জুলাই জয়ার জন্মদিন। আজ শুক্রবার মুক্তি পাচ্ছে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার শহর’। এমন আনন্দক্ষণেও জয়ার মনে বেদনার ছায়া। গ্লিটজের সঙ্গে আলাপ কালে জয়া জানালেন তার আনন্দ ও বেদনার কথা।
৩০ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশসহ সারাবিশ্বে মুক্তি পেলো জয়া আহসান অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার শহর’। ইন্দ্রণীল রায় চৌধুরী পরিচালিত ৩০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। চরিত্রটির নাম অন্নপূর্ণা দাশ। প্রান্তিক জনগোষ্ঠির এক সংগ্রামী নারীর গল্পে আবর্তিত হয়েছে চলচ্চিত্রটি।
কলকাতার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে ছবির দৃশ্যগুলো। তবে জয়া বলছেন, এটি শুধু কলকাতা-ঢাকা নয়, পৃথিবীর যে কোনো শহরের গল্প এটি। বললেন, “দর্শকদের কাছে সরাসরি ছবিটা পৌঁছে দিতে পারছি এটা অনেক বড় ব্যাপার। ছবিটার বিষয়বস্তু যা তা নিয়ে হয়তো অনেকেই বড় ফিল্ম করার সাহস পাবে না। সে জন্যই মুক্তির জন্য অনলাইন মাধ্যমটা বেছে নিয়েছি আমরা। এ ছবি শুধু বাঙালি দর্শক নয়, আসলে এটা আসলে পৃথিবীর যে কোনো শহরের গল্প। সে গল্পটার নাম দেয়া হয়েছে ভালোবাসার শহর। ”
জয়া জানালেন, শুধু বাংলাদেশ ও ভারতের দর্শকরাই ইউটিউবে দেখতে পাবেন চলচ্চিত্রটি। পৃথিবীর অন্যদেশের দর্শকদের জন্য ছবিটি মুক্তি পাচ্ছে অনলাইট প্লাটফর্ম ভিমো-তে।
দুই বাংলার চলচ্চিত্রেই সমানতালে সময় দিচ্ছেন জয়া। ঈদ কাটছে দেশেই। টিভিতে ঈদ অনুষ্ঠানগুলো খুব মনযোগ দিয়ে দেখতে চাইছেন জয়া। বললেন, টিভি প্রোডাকশানে তো সেরকম নেই এখন আর আমি। দেখার চেষ্টা করছি টিভি অনুষ্ঠানগুলো। বিজ্ঞাপনের সাথে যতটুকু পেরে ওঠা যায় আরকি...”
