আকাশের কাছে অপু বিশ্বাসের আবেদন
ঈদুল ফিতরে মুক্তির প্রতিক্ষায় বুলবুল বিশ্বাসের সিনেমা ‘রাজনীতি’। সম্প্রতি সিনেমার টিজার প্রকাশের পরে বুধবার সিনেমার ‘ও আকাশ বলে দেনা রে’ গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।
ইউটিউবে ‘ও আকাশ বলে দে না রে’ গানটি প্রকাশের পরেই তা শাকিব-অপু’র ভক্তদের কাছে বেশ সাড়া ফেলেছে। ইতিমধ্যে গানটি পৌনে ৪ লাখেরও বেশি বার দেখা হয়েছে।
এক বছরেরও বেশি সময় বিরতিতে থাকার পর ‘রাজনীতি’ সিনেমার মাধ্যমে আবারো পর্দায় ফিরছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এরইমধ্যে এই সিনেমায় শাকিব খান ও অপু বিশ্বাসের লুক এবং সিনেমার প্রথম টিজারটি বেশ আলোচনায় এসেছে।
‘রংবাজ’ সিনেমার শুটিংয়ের ব্যস্ততার কারণে ‘রাজনীতি’ সিনেমার প্রচারে শাকিব খান অনুপস্থিত থাকলেও অপু বিশ্বাস এক্ষেত্রে নিজেকে যথেষ্ট ব্যস্ত রেখেছেন। সেই প্রচারণার অংশ হিসেবে ইউটিউবে সিনেমার গান প্রকাশের পরেই গানে শাকিব-অপুর প্রেমের রসায়ন এরইমধ্যে ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে।
গানটিতে ঠোঁট মিলিয়েছেন অপু বিশ্বাস। গানের শুরুতে দেখা যায়- একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন অপু। আর শাকিব খান তার ছবি তুলছেন। এরপর অপু বিশ্বাস নেচে-গেয়ে বলছে ‘ও আকাশ বলে দে না রে প্রেমে পড়েছে মন…।’
‘ও আকাশ বলে দে না রে’ শিরোনামে গানটির সুর করেছেন হাবিব ওয়াহিদ ও সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। কবির বকুলের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন খেয়া ও শাফায়েত। আর গানটির কোরিওগ্রাফি করেছেন মাসুম বাবুল।
অ্যারো মোশন আর্টসের ব্যানারে ‘রাজনীতি’ প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। শাকিব-অপুর সঙ্গে এ সিনেমায় আরো অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, অমিত হাসান, আলীরাজ, প্রমুখ।
