২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার নজরুল জন্মজয়ন্তীতে সুস্মিতা আনিস

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে পালিত হলো নজরুল জন্মজয়ন্তী উৎসব। যেখানে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন নজরুল সংগীত শিল্পী সুস্মিতা আনিস।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2017, 05:48 PM

Updated : 11 Oct 2022, 02:09 PM

কলকাতার রবীন্দ্র সদনে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ গত ২৭ মে আয়োজন করেন নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান। যেখানে বাংলাদেশ থেকে সুস্মিতা আনিস ও কলকাতার শিল্পীদের মধ্যে ইন্দ্রানী সেন, সুস্মিতা গোস্বামী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় সহ খ্যাতিমান শিল্পীরা অংশগ্রহণ করেন।

এ প্রসঙ্গে সুস্মিতা আনিস বলেন, “এ রকম এক আয়োজনে অংশ নিতে পারা শিল্পী হিসাবে আমার জন্য গর্বের । নজরুল সংগীত শিল্পী ও শ্রোতাদের উৎসাহ উপভোগ করেছি।”

অন্যদিকে নজরুল পরিবারের আমন্ত্রণে কবিতীর্থ চুরুলিয়ায় ৩৯ তম নজরুল মেলায়ও অংশ নিয়েছিলেন তিনি। নজরুল একাডেমি ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ৭ দিনের এ মেলায় সুস্মিতা ছাড়াও কলকাতার শিল্পী সৌম্য বসু, সুবর্ণ কাজী, শুভঙ্কর ভাস্কর, সোনালি কাজীসহ আরো অনেকে অংশ নেন।

এ প্রসঙ্গে সুস্মিতা আনিস বলেন ,“এ অভিজ্ঞতা অনন্য । কবি পরিবারের অভ্যর্থনা, আতিথেয়তা এবং ভালোবাসা আমাকে অত্যন্ত সম্মানিত করেছে। নজরুলের গান ও তার কবিতার প্রতি পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসা, তাদের উৎসাহ আমাকে মুগ্ধ করেছে। এখানে নজরুল মেলায় মানুষ রাত জেগে নজরুলের গান, কবিতা, গানের সাথে নাচ উপভোগ করছেন, এ দৃশ্য অনন্য ।কবি নজরুলকে ঘিরে এমন আয়োজন আর কোথাও দেখিনি ।”

এছাড়াও নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে কলকাতা সফরের সময় সুস্মিতা আনিস ২৯ মে সকালে তারা মিউজিক চ্যানেলে 'আজ সকালের আমন্ত্রণে' অনুষ্ঠানে সরাসরি সংগীত পরিবেশন করেন।