ঈদের বিশেষ নাটক ‘হরেক রকম প্রেম’
‘হরেক রকম প্রেম’ নিয়ে এবার ঈদ নাটকে হাজির হচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির।
এস এ হক অলিকের রচনা ও পরিচালনায় এটিএন বাংলায় প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘হরেক রকম প্রেম’। হাস্যরসাত্মক প্রেমের গল্পে নির্মিত নাটকটিতে মীর সাব্বির ছাড়াও অভিনয় করেছেন ডলি জহুর, নাজিরা মৌ, স্পর্শিয়া, স্মরণ সাহা, স্নিগ্ধা, নুরুজ্জামান লাবু, পলাশ খান, বিপাশা সাহা প্রমুখ।
নাটকে আশিক চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। যাকে ভালো লাগে তার সাথেই প্রেম করতে মরিয়া হয়ে উঠেন আশিক। সময় যায় আর তার সাথে সাথে আশিকের প্রেম বদলায়। আশিক ফারিয়াকেও সবার মতো ভালোবাসে। কিন্তু ফারিয়া ভালোবাসে মন থেকে। ফারিয়া চায় আশিক তাকে তার মতোই ভালোবাসুক। কিন্তু আশিক তো তার ভালোবাসা এক জায়গায় আটকে রাখতে চান না। তাই নানা কায়দায় আশিক নানান নারীর মন জয় করায় ব্যস্ত থাকেন। মন জয় করা হয়ে গেলে তাকে ভুলে যেতে এক মুহূর্ত সময় লাগে না আশিকের।
নির্মাতা অলিক জানান, নাটকটিতে হাস্যরসাত্মক গল্পের আড়ালে একটি বার্তা দেয়ার চেষ্টা করা হয়েছে। প্রেম কখনও হরেক রকম হতে পারে না। প্রেম এক রকম।
তিনি জানান,ঈদের আগের দিন রাত ৮ টা ৫০ মিনিটে নাটকটি প্রচার হবে এটিএন বাংলায়।
