২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা রাষ্ট্রপতির প্রশংসায় ভাসলো ‘দঙ্গল’

চীনের বক্স অফিস আগেই জয় করে নিয়েছে আমির খান অভিনীত ‘দঙ্গল’। এবার জানা গেল সিনেমাটি নিয়ে চীনা রাষ্ট্রপ্রধান শি জিনপিং-এর মুগ্ধতার কথাও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2017, 07:58 PM

Updated : 11 Apr 2022, 11:44 PM

মে মাসের প্রথম সপ্তাহে মুক্তি পেয়েই চীনা বক্স অফিসে ঝড় তুলেছে নিতেশ তিওয়ারি নির্মিত স্পোর্টস ড্রামা ‘দঙ্গল’। এপর্যন্ত চীনা বক্স অফিসে ১১০০ কোটি রুপিও আয় করে ফেলেছে সিনেমাটি। সম্প্রতি এক আন্তর্জাতিক সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন চীনের রাষ্ট্রপ্রধানও।

মোদীর পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর জানিয়েছেন, শনিবার শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বার্ষিক সম্মেলনে সাক্ষাৎ হয় দুই দেশের দুই নেতার। সেখানেই দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ সাংস্কৃতিক আদান-প্রদান নিয়ে কথা হয় তাদের।

জয়শঙ্কর বলেন, “প্রেসিডেন্ট শি ভারতীয় সিনেমার উচ্চকিত প্রশংসা করেছেন। তিনি বলেন বিশেষ করে ‘দঙ্গল’ অনেক ভালো করছে চীনে এবং তিনি নিজে সিনেমাটি দেখেছেন। ‘দঙ্গল’-এর শিল্পীদের অভিনয়ও তার ভালো লেগেছে বলে জানান তিনি।”

জয়শঙ্কর আরও বলেন, আগামী দিনে চীন এবং ভারতের মধ্যকার সাংস্কৃতিক আদান-প্রদান আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করেছেন মোদী ও শি জিনপিং।

এরইমধ্যে হালিউডি সিনেমার বাইরে ‘দঙ্গল’ পরিণত হয়েছে চীনের সর্বকালের সর্বোচ্চ আয়ের বিদেশী সিনেমায়। স্বয়ং আমিরও ভাবতে পারেননি তার সিনেমা এতোটা আলোড়ন তুলবে চীনে।

তিনি বলেন, “আমি সবসময় বিশ্বাস করি সৃজনশীল কাজে ভাষা কখনোই বাধা হতে পারেনা। চীনে ‘দঙ্গল’-এর সাফল্য সেটাই প্রমাণ করেছে।”