২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কড়া নিরাপত্তায় প্যারিসে আরিয়ানার কনসার্ট

ম্যানচেস্টারে আত্মঘাতি হামলার পর তাৎক্ষণিকভাবে নিজের ইউরোপ ট্যুর বাতিল ঘোষণা করেছিলেন মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। এবারে প্যারিসে কনসার্টের মাধ্যমে সেই সফর আবার চালু করলেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 06:24 PM

Updated : 11 Apr 2022, 11:44 PM

ম্যানচেস্টারের মতো ঘটনা যাতে প্যারিসে না ঘটে সে জন্য অ্যাকর হোটেল এরিনা সংলগ্ন এলাকায় ছিল কড়া নিরাপত্তা বলয়। রয়টার্স বলছে, রোববার লন্ডনে ম্যানচেস্টারে হতাহতদের সাহায্যার্থে আয়োজিত কনসার্টের মতোই কয়েক স্তরের নিরাপত্তা বলয় ছিল প্যারিসেও। কনসার্ট ভেন্যুর চারপাশের সড়কগুলো বন্ধ করে রাখা হয়েছিল পুরো সময় জুড়ে। অনুষ্ঠানের মূল ফটকেও ছিল সশস্ত্র পুলিশের পাহারা। তবে এত নিরাপত্তার মধ্যেও আরিয়ানার কনসার্ট দেখতে আসা দর্শকের ভীড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশদের।

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ২২ মে আরিয়ানা গ্রান্ডের কনসার্ট দেখতে এসে লাশ হয়ে ফেরেন ২২ জন, আহত হন শতাধিক। এর কিছুদিনের মধ্যেই ৩ জুন লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলায় মারা যান আরও ৭ জন।

হামলার ঘটনায় প্রাথমিকভাবে ভেঙে পড়লেও ৪ জুন কেটি পেরি, জাস্টিন বিবার, মাইলি সাইরাস ও ক্রিস মার্টিনদের মতো তারকাদের নিয়ে আরিয়ানা ফিরে আসেন ম্যানচেস্টারে। ‘ওয়ান লাভ’ শীর্ষক ওই কনসার্ট থেকে সংগৃহীত ৩০ লাখ ডলার দান করা হয় হামলায় আহতদের সাহায্যার্থে।

প্যারিসে আরিয়ানার কনসার্ট দেখতে আসা ১৬ বছরের ফরাসি কিশোরী আজলিজ রুল্ট রয়টার্সকে বলে, “হামলার ঘটনার পর খুব দ্রুতই তিনি (আরিয়ানা) আবার ট্যুর শুরু করেছেন। ম্যানচেস্টারের জন্য অনেক কিছু করেছেন তিনি। আহতদের পরিবারের জন্য অর্থ সংগ্রহ করেছেন, আহতদের সঙ্গে ব্যক্তিগতভাবেও দেখা করে এসেছেন। তিনি যা করেছেন, আমি তাতে সত্যিই মুগ্ধ।”