২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মগধীরা’র সঙ্গে আইনি লড়াইয়ে জিতলো ‘রাবতা’

ট্রেইলার প্রকাশের পরপরই ‘রাবতা’ সিনেমার বিরুদ্ধে নকলের অভিযোগ আনে ২০০৯ সালের তেলুগু সিনেমা ‘মগধীরা’র নির্মাতারা। বৃহস্পতিবার জানা গেল, সেই মামলা প্রত্যাহার করায় এই লড়াইয়ে জয়ী হয়েছে ‘রাবতা’ই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 05:39 PM

Updated : 11 Apr 2022, 11:44 PM

এ ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেসকে পাঠানো এক বার্তায় ‘রাবতা’ নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়, “ ‘রাবতা’ জিতেছে। ‘মগধীরা’ মামলা প্রত্যাহার করেছে।” ‘মগধীরা’ কর্তৃপক্ষর তরফ থেকেও মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এ ব্যাপারে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “প্রথম দিন থেকেই আমরা বলে আসছি যে ‘মগধীরা’র নকল আমরা করিনি, কেবল পুনর্জন্মের বিষয়টিতে কিছু মিল আছে। কিন্তু এরকম তো আরও অনেক সিনেমাতেই আছে। আদালতে আমরা বিষয়টিকে খুব জোরালোভাবে তুলে ধরেছি, তারাও তাদের বক্তব্য পেশ করেছে।”

তিনি আরও বলেন, “আমি যদিও, ঠিক কেন তারা মামলা প্রত্যাহার করেছে- এটা নিয়ে কিছু বলতে পারবো না। তবে, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে দুটি সিনেমা আলাদা। কারণ আমরা তাদেরকে সিনেমার চিত্রনাট্য দেখিয়েছি।”

‘বাহুবলী’ নির্মাতা এসএস রাজামৌলি নির্মিত ‘মগধীরা’র চিত্রনাট্যকার ছিলেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। রাজামৌলি এর আগে বলেছিলেন, মামলাটি যেহেতু করা হয়েছে প্রযোজক আল্লু অরবিন্দের প্রতিষ্ঠান গীতা আর্টস থেকে, সেহেতু এব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না।

তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ‘রাবতা’ নির্মাতা দীনেশ বিজন।

তিনি বলেন, “আসলে যেটা হয়েছে- অপরপক্ষকে ভুল বোঝানো হয়েছিল। আদালতে যখন বিষয়টি নিয়ে আলোচনা হলো, তখন এটা পরিস্কার হয়ে গেল যে এর আগেও অনেকবার পুনর্জন্মের বিষয়টি উঠে এসেছে সিনেমায়, তাই এখানে নকলের প্রশ্ন আসেনা। আসলে একমাস আগেই যখন তাদেরকে আমরা ‘রাবতা’ দেখার আমন্ত্রণ জানিয়েছিলাম, তখন যদি তারা এটি দেখতেন, তাহলে এত ঝামেলা হতো না। তবে তারা মামলা প্রত্যাহার করেছে, এতে আমি খুশি।”