কেয়ার ‘বসন্ত যায় বসন্ত আসে’
বহুদিন পরে আবারো টেলিভিশনের দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। এবার ঈদের একটি বিশেষ টেলিফিল্মে দেখা যাবে তাকে।
রোমান্টিক ধাচেঁর গল্পে নির্মিত টেলিফিল্ম ‘বসন্ত যায় বসন্ত আসে’। যেখানে সজলের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া।
এর আগে কাজী নজরুল ইসলামের গল্পে নির্মিত ‘পিছু ডাক’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। এরপরে তাকে আর কোনো নাটক বা টেলিফিল্মে দেখা যায়নি।
এই টেলিফিল্মে অভিনয় প্রসঙ্গে গ্লিটজকে কেয়া বলেন,“ টেলিফিল্মের নামটির মতোই এর গল্পটিও খুব বেশি রোমান্টিক। আমার কাছে যখন গল্পটি আসে তখন গল্পটি পড়ার পরেই খুব ভালো লেগে যায়। তবে একটা কথা বলতে পারি, এই টেলিফিল্মটি দেখার পরে হয়ত অনেকের, প্রিয় মানুষের সঙ্গে সর্ম্পকের গভীরতা কিছুটা হলেও বেড়ে যাবে।”
সিনেমায় অভিনেত্রী হওয়ার পরেও আবার টেলিভিশনে অভিনয়ের কারণ সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরেন কেয়া।
তিনি বলেন, “সিনেমা কিংবা টেলিভিশন এ দুই মাধ্যমের কোনোটিকে আমি একে অন্যের সঙ্গে তুলনা করি না। কারণ আমি অভিনয় শিল্পী। আমার কাজ অভিনয় করা, সেক্ষেত্রে মাধ্যম যেটাই হোক না কেন। আমার কাজ পর্দায় আমার অভিনীত চরিত্রের সঠিক চরিত্রায়ন করা।”
সাজিদ হাসান বাবুর রচনায় ‘বসন্ত যায় বসন্ত আসে’ টেলিফিল্মটি নির্মাণ করছেন সকাল আহমেদ।
সম্প্রতি রাজধানীর উত্তরায় একটি শুটিং বাড়িতে ‘বসন্ত যায় বসন্ত আসে’ টেলিফিল্মটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। বিশেষ এই টেলিফিল্মটি ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।
ঢালিউডে কেয়া অভিনীত সর্বশেষ ‘ব্ল্যাক মানি’ সিনেমাটি মুক্তি পায় ২০১৫ তে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই ‘শিরোনামে তুমি’ নামের আরেকটি নতুন সিনেমায় তার অভিনয়ের দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
