২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিৎ-শুভশ্রীর ‘উড়েছে মন’

শনিবার ইউটিউবে প্রকাশিত হলো ‘বস ২’ সিনেমার গান ‘উড়েছে মন’। প্রকাশের মাত্র ২৪ ঘন্টার মধ্যেই জিৎ-শুভশ্রীর রোমান্টিক ধাঁচের গানটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 09:12 PM

Updated : 11 Oct 2022, 02:06 PM

যৌথ প্রযোজনায় নির্মিত 'বস ২' সিনেমার এই গানটি নিজেদের ইউটিউব চ্যানেলে শনিবার প্রকাশ করে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্মওয়ার্কস। গানটি জিতের প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে।

রবিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ‘উড়েছে মন’গানটি জিতস ফিল্মওয়ার্কসের ইউটিউব চ্যানেল গ্রাসরুট এন্টারটেইনমেন্টে ২ লাখ ৯৩ হাজার ৪৩৩ বার দেখা হয়েছে। আর একই সময় পর্যন্ত জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি দেখা হয়েছে মাত্র ৯১ হাজার ২৭৩ বার।

‘উড়েছে মন’ গানটিতে জিৎ-শুভশ্রী জুটিকে কখনও নীল সাগরের পানির কিনারায় দাঁড়িয়ে আবার কখনও দূর সাদা পাহাড়ের ধারে রোমান্স করতে দেখা গেছে। এছাড়াও গানের বেশ কয়েকটি দৃশ্যে শুভশ্রীকে বেশ আবেদনমীয় নায়িকা হিসেবেও নিজেকে উপস্থাপন করতে দেখা গেছে।

রোমান্টিক ধাঁচের গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। গানের কথা লিখেছেন প্রাঞ্জল এবং সংগীতায়োজন করেছেন জিৎ গাঙ্গুলী। গানটির কোরিওগ্রাফি করেছেন সিনেমার নির্মাতা বাবা যাদব নিজেই।

 

‘বস ২’ সিনেমায় কলকাতার জিতের বিপরীতে অভিনয় করছেন টালিসুন্দরী শুভশ্রী এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া। জিৎ, শুভশ্রী গাঙ্গুলী ও নুসরাত ফারিয়া ছাড়াও সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও অভিনয় করছেন অমিত হাসান, কৌশিক সেন প্রমুখ। সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা বাবা যাদব।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড। ঈদুল ফিতরে মুক্তি সম্ভাব্য সিনেমায় তালিকায় রয়েছে ‘বস ২’সিনেমাটি।