প্রধানমন্ত্রীর সঙ্গে শাকিব খানের ইফতার!
জাতীয় প্রেসক্লাবে রোববার অনুষ্ঠিত হবে ‘ঢাকা সাংবাদিক ইউনিয়ন’ এর ইফতার পার্টি, যেখানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন চিত্রনায়ক শাকিব খানও।
এ প্রসঙ্গে শাকিব খান বলেন,“আমাকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন থেকে আমন্ত্রণ জানিয়েছে। ইফতার পার্টিটি আয়োজন করা হয়েছে জাতীয় প্রেসক্লাবে। এই পার্টিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। সেখানে আমিও উপস্থিত থাকব।”
ইফতারের আয়োজনটিতে প্রধানমন্ত্রী ছাড়াও সাংবাদিক, বিশিষ্ট রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা ও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।
বতর্মানে সাম্প্রতিককালের বহু আলোচিত ‘রংবাজ’ সিনেমার দৃশ্যধারণের কাজে পাবনায় ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। এ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন শবনম বুবলি। সিনেমাটি বর্তমানে নির্মাণ করছেন নির্মাতা আব্দুল মান্নান গাজীপুরী।
এর আগে সিনেমাটির নির্মাণ শুরু করেন নির্মাতা শামীম আহমেদ রনী। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির গঠনতন্ত্রের পরিপন্থী কাজের কারণে রনীর সদস্যপদ পদ বাতিল করেন সংগঠন। এরপরে সিনেমার প্রযোজকের এক আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির অনুমতিক্রমে ‘রংবাজ’ সিনেমার নির্মাণের হাল ধরেন নির্মাতা আব্দুল মান্নান গাজীপুরী।
