সঞ্জয় দত্তের নতুন ছবির সেটে আগুন
কারাগার থেকে ফিরে ওমাং কুমারের ‘ভূমি’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু করেন সঞ্জয় দত্ত। সম্প্রতি এ ছবির শুটিং সেটে একটি বিয়ের গানের দৃশ্যধারণের সময় ঘটে যায় অগ্নিকাণ্ড।
‘ভূমি’ ছবিটি দিয়েই দীর্ঘ কারবাসের পর আবারও অভিনয়ে ফিরছেন সঞ্জয় দত্ত। শুরু থেকেই তাই এ ছবি নিয়ে দর্শক আগ্রহের ছিলো তুঙ্গে। তবে দৃশ্যধারণের শুরু থেকেই নানা কারণে ব্যহত হয়েছে এ ছবির শুটিং। ক’দিন আগেই আগ্রাতে এ ছবির শুটিং চলাকালে সঞ্জয় দত্তকে দেখতে জনতার ভীড় জমে যায়। ফলে বাধ্য হয়ে শুটিং বন্ধ রাখেন পরিচালক ওমাং কুমার। এবারে শুটিং সেটে আগুন লাগার কারণে ছবির একটি গানের দৃশ্যধারণের কাজ বন্ধ করতে বাধ্য হন নির্মাতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সম্প্রতি ছবির শুটিং সেটে অদ্বিতী রাও হায়দারি ও সিদ্ধান্ত গুপ্তকে নিয়ে একটি গানের দৃশ্যের কাজ করছিলেন পরিচালক। এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রায় ৩০০ নৃত্যশিল্পী। সে সময় হঠাৎ করেই আগুন লাগে সেটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও নিরাপত্তার কারণে ছবির শুটিং বন্ধ করে দেন নির্মাতা।
এ প্রসঙ্গে পরিচালক ওমাং কুমার বলেন, “সৌভাগ্যক্রমে আমাদের কোনো কর্মী আহত হয়নি। সেটের দামী আসবাব ও মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্থ হয়নি। তবে সকলের নিরাপত্তার কথা মাথায় রেখেই শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই আবার শুটিং শুরু করতে যাচ্ছি আমরা।”
বাবা ও মেয়ের মধ্যেকার প্রতিহিংসার গল্প নিয়ে ‘ভূমি’ ছবিটি নির্মিত হচ্ছে। এতে সঞ্জয় দত্তের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন অদ্বিতী রাও হায়দারি।
