অপুর যত না বলা কথা
দেড় বছরের আড়াল ভেঙে হঠাৎ করেই গণমাধ্যমে বিয়ে ও পুত্র সন্তানের খবর নিয়ে হাজির হয় ‘ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার আবারো নিজের ব্যক্তিজীবনের নানান কথা নিয়ে আরেকটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
চলতি বছরের ১০ এপ্রিল একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারের মাধ্যমে গণমাধ্যমের স্পটলাইটে উঠে আসেন শাকিব পত্নী অপু বিশ্বাস। যে সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে নিজের বিয়ে ও সন্তানের খবর নিজেই গণমাধ্যমের কাছে স্বীকার করেন তিনি।
এবার আরেকটি বেসরকারি চ্যানেলের ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন সাম্প্রতিককালের ঢালিউডের এই আলোচিত চিত্র নায়িকা। যেখানে উঠে এসেছে অপুর সংসারের যত মিষ্টি-মধুর সব স্মৃতি কথা।
অনুষ্ঠানটি নিয়ে অপু বিশ্বাস বলেছেন, “সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে অনেক না বলা কথা দর্শকের সামনে বলেছি। শাকিবের পাশাপাশি আসছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা আমার ‘রাজনীতি’ ছবিসহ আরো অনেক বিষয় সেখানে থাকছে। আশা করি, দর্শকরা এটি উপভোগ করবেন।”
শনিবার রাত ১০টা ৫০ মিনিটে অনুষ্ঠানটি এটিএন বাংলার সেলিব্রিটি টকশো ‘সেন্স অব হিউমার’-এ প্রচারিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। প্রযোজনা করেছেন আবদুস সাত্তার।
