২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিব খান শেখাবেন রাজনীতি কতো প্রকার ও কী কী

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত চলচ্চিত্র ‘রাজনীতি’। সোমবার মুক্তি পেলো চলচ্চিত্রটির প্রথম টিজার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2017, 06:39 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

“যেখানে আমাদের দেশে এত মেধা এত সম্ভাবনা সেখানে উন্নত বিশ্বের সেকেন্ডক্লাস সিটিজেন হয়ে বেঁচে থাকার কোনো মানেই দেখি না। সেদিন আর বেশি দেরি নয়, যেদিন বাংলাদেশের নাম, উন্নত বিশ্বের প্রথম সারিতে উচ্চারিত হবে।” এমন দৃপ্ত আশাবাদ যার কণ্ঠে পাওয়া গেলো তিনি শাকিব খান।

প্রবাসে পাহাড়ের চূড়ায় বাংলাদেশের পতাকা হাতে যার এমন গর্ব তাকেই পাওয়া গেলো দেশে এক কঠোর রাজনীতিকের ভূমিকায়। এক মিনিট ২৪ সেকেন্ডের টিজারে দেখা গেলো রাজনীতিবিদের ভোগ, আরাম আয়েশি জীবন আর সন্ত্রাস, ভাঙচুরের চিরচেনা দৃশ্যও। শাকিব খানকে পাওয়া গেলো রাজনীতির পারিবারিক উত্তরাধিকার হিসেবেই। যেখানে বদলে যাওয়া শাকিব উচ্চারণ করছেন-“চান সরদারকে আমি শিখিয়ে দিবো রাজনীতি কাকে বলে কতো প্রকার, কী কী ।” 

আসছে ঈদে মুক্তির পাওয়ার কথা এই চলচ্চিত্রটি নিয়ে এরমধ্যেই প্রচারণার কাজ শুরু হয়ে গেছে। শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাস অভিনয় করছেন চলচ্চিত্রটিতে। টিজারে তাকেও দেখা গেলো কয়েক ঝলক।

অ্যারো মোশন আর্টসের ব্যানারে ‘রাজনীতি’ প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। টিজার প্রকাশ হয়েছে সনি ডিএডিসি বেঙ্গলির ইউটিউব চ্যানেলে। এখানেই পর্যায়ক্রমে প্রকাশ করা হবে ছবির গানগুলো।

চলচ্চিত্রটির প্রধান তিনটি চরিত্রের অন্যজন আনিসুর রহমান মিলন। আরও আছেন অমিত হাসান, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, বিপাশা, জয়শ্রী কর জয়া, ডিজে সোহেল, কমল প্রমুখ।