‘ভালো কিছুর প্রতীক্ষায় রয়েছি’
মডেলিং ও টেলিভিশন নাটকে নিয়মিত মুখ যাহের আলভী। সাম্প্রতিক সময়ের বিভিন্ন কাজ ও কেরিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে রবিবার সন্ধ্যায় গ্লিটজের মুখোমুখি হয়েছিলেন তিনি।
গ্লিটজ: টেলিভিশনে আপনার নতুন বিজ্ঞাপন প্রচারের পরে সাড়া কেমন পাচ্ছেন?
যাহের আলভী: প্রাণ আরএফএল-এর টপার গ্যাস স্টোভের বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। এটি প্রচারের পর থেকেই চারিদিক থেকে খুবই ভালো সাড়া পাচ্ছি। কেউ আমাকে ফোন করে তাদের মতামত দিচ্ছেন, আবার কেউ কেউ আমার ফেইসবুকের ইনবক্সে কমেন্ট করে তাদের মতামত দিচ্ছেন। এমন সাড়া পাবো কল্পনাই করিনি।
গ্লিটজ: পরীমণির সঙ্গে বিজ্ঞাপনের কাজের অভিজ্ঞতা কেমন ছিলো?
যাহের আলভী: এই বিজ্ঞাপনের মাধ্যমে আমি ও পরীমনি প্রথমবার একসঙ্গে কাজ করলাম। চিত্রনায়িকা হওয়ার পরেও পরীমনি কাজের ক্ষেত্রে খুবই সহযোগী মনোভাবের একজন মানুষ। তাছাড়া বিজ্ঞাপনের গল্পটাও খুবই সুন্দর। যা এরইমধ্যে সকলেই দেখেছেন।
গ্লিটজ: ‘প্রজাপতি প্রেম’সম্পর্কে জানতে চাই..
যাহের আলভী: ‘প্রজাপতি প্রেম’ আমার অভিনীত নতুন ধারাবাহিক নাটক। প্রেমের গল্পের নাটকটি নির্মাণ করছেন মেহেদী বিন আশরাফ। ভারতের কলকাতা, মুম্বাই, শিলিগুড়ি, গোয়া এলাকায় এরইমধ্যে নাটকের দৃশ্যধারনের কাজ করা হয়েছে। এজন্য আমাকে দুই মাসের মত সময় ভারতেই থাকতে হয়েছিলো। নাটকটিতে আমি কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছি। ঈদুল ফিতরের পরে বাংলাদেশে করা হবে ধারাবাহিক নাটকটির বাকী অংশের দৃশ্যধারণের কাজ। ১০৪ পর্বের নাটকটি বাংলাভিশনের জন্য নির্মিত হচ্ছে।
গ্লিটজ: বিজ্ঞাপন ও নাটক এই দুটোর মধ্যে কোনটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন?
যাহের আলভী: বর্তমানে বিজ্ঞাপন ও খন্ড নাটকগুলোতে অভিনয়ের প্রতি একটু বেশি জোর দিচ্ছি। ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয়ের প্রতি এখুনি খুব বেশি জোর দিতে চাইছি না। আমি আসলে একটু ধীরে ধীরে গুছিয়ে কাজ করতে পছন্দ করি। তাছাড়া অভিনয় কিংবা মডেলিং এগুলো তো ক্রিয়েটিভ কাজ। আমি বিশ্বাস করি খরগোশের মত দৌড়ে কাজ করলেই হয় না। একজন অভিনয় শিল্পীর নিজের প্রস্তুতির জন্যও কিছুটা সময় রাখা খুবই প্রয়োজন। আমি কচ্ছপের মত সময় নিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতেই বেশি পছন্দ করি।
গ্লিটজ: সিনেমায় অভিনয় করছেন না কেন?
যাহের আলভী: আমার কাছে অনেক সময়ই সিনেমায় অভিনয় করার প্রস্তাব আসে। কিন্তু বেশির ভাগ সময়ে সিনেমার গল্পগুলো আমার কাছে কেন জানি বস্তাপচা গল্প মনে হয়। আমি কাউকে অসম্মান করে কিছু বলছি না। এটা আমার ব্যক্তিগত মতামত। আসলে আমি ভালো কিছুর প্রতিক্ষায় রয়েছি। যখন ব্যাটে বলে সবকিছু মিলে যাবে তখনই সিনেমায় অভিনয় করবো। তাছাড়া আমাকে যে সিনেমায় অভিনয় করতেই হবে বিষয়টি কিন্তু মোটেও তেমন নয়।
গ্লিটজ: এ সময়ের ব্যস্ততা কী নিয়ে কাটছে?
যাহের আলভী: বর্তমানে ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ততা চলছে। এরইমধ্যে দুটো নাটকের কাজ শেষ করে ফেলেছি। সামনে আরো বেশ কয়েকটি নাটকে কাজ করার প্রস্তাব হাতে রয়েছে। আশা করছি আমার দর্শকরা এবারের ঈদে আমার বেশ কিছু ভালো কাজ উপভোগ করতে পারবেন।
