২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়া ফেলেছে রাকিব মুসাব্বিরের ‘মনটা ছুঁয়ে দেখো না’

বৈশাখ উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে রাকিব মোসাব্বিরের নতুন অ্যালবাম ‘মনটা ছুঁয়ে দেখো না’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2017, 06:43 PM

Updated : 19 Aug 2022, 04:40 PM

ফিল্মী ধাঁচের গানকে প্রাধান্য দিয়ে শ্রোতাদের নতুনত্বের স্বাদ দিতেই মাত্র তিনটি গান নিয়ে সাজানো হয়েছে এই একক অ্যালবামটি। যা প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজ মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়।

অ্যালবামে থাকা গানগুলো হচ্ছে- ‘মনটা ছুঁয়ে দেখো না’, ‘তুমি চলে গেলে’ এবং ‘তুই ছাড়া’। অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন খায়রুল বাবুই, এমদাদ সুমন ও রাকিব মোসাব্বির। অ্যালবামের গানগুলোতে কন্ঠ দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনার কাজটি করেছেন রাকিব নিজেই। আর তার সঙ্গে গানে সহশিল্পী হিসেবে কন্ঠ দিয়েছেন ফারাবি।

 

অ্যালবামটি প্রকাশের পরেই ইতমধ্যে চারিদিকে ব্যাপক সাড়া ফেলেছে। এ প্রসঙ্গে গ্লিটজকে রাকিব বললেন, “এই অ্যালবামটি ছিলো আমার পক্ষ থেকে শ্রোতাদের জন্য বৈশাখি উপহার। কিন্তু তারপরেও অ্যালবামটিকে ঘিরে আমার অনেক বেশি প্রত্যাশা ছিলো। সকল শ্রেণির শ্রোতাদের কাছ থেকে বেশ ভালো সাড়াও পেয়েছি। শ্রোতাদের ভালোবাসায় আমি মুগ্ধ। খুব শিগগিরই গানগুলোর চমক জাগানিয়া ভিডিও শ্রোতা-দর্শকদের উপহার দেওয়ার ইচ্ছেও রয়েছে। আমার বিশ্বাস সেগুলোও সবাইকে মুগ্ধ করবে।”