২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইয়ুব বাচ্চুর একক গিটার শো এবার চট্টগ্রামে

ঢাকার পর এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইয়ুব বাচ্চু’র একক গিটার শো

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2017, 08:21 PM

Updated : 11 Apr 2022, 11:34 PM

গিটার নিয়ে আইয়ুব বাচ্চুর সফর এবার চট্টগ্রামে। ২০ মে তার একক গিটার শো অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু-তে। রবি, এয়ারটেল ও ইয়োন্ডার মিউজিকের পৃষ্ঠপোষকতায় গিটার শো ‘নাউ অ্যান্ড দেন’ এর আয়োজন করছে এবি কিচেন, ডিজে প্রো এবং উইর্জাড-শো বিজ।

এ কনসার্টে শুধুমাত্র গিটারের যন্ত্রসংগীত পরিবেশন করবেন আইয়ুব বাচ্চু। এ উপলক্ষে চ্যানেল আই ভবনে এর বিস্তারিত জানাতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এলআরবি আইয়ূব বাচ্চু, মাহবুবুল আলম ভুঁইয়া (ভাইস প্রেসিডেন্ট, বিজনেস অপারেশন, রবি) ও ইয়োন্ডার মিউজিক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইমরুল করিম।

আইয়ুব বাচ্চু বলেন, “আমাদের দেশে এমন কনসার্ট খুব একটা হয় না। তবে দেশের বাইরে এ ধরনের কনসার্টের প্রচলন রয়েছে। ‘সাউন্ড অব সাইলেন্স’ কনসার্টের মাধ্যমে আমি সলো গিটার শো’র সূচনা করেছিলাম।”

চট্টগ্রামের কনসার্ট প্রসঙ্গে তিনি বলেন, “ভক্তদের অনুরোধে আমি এবার চট্টগ্রামে আমার জন্মভূতি গিটার শো করতে যাচ্ছি। আমার কাছে ৪৮টি বিশ্বের সেরা গিটার রয়েছে। আরো দুটি গিটার সংগ্রহ করবো। আমার একটি গিটার প্রদর্শনী করার ইচ্ছে রয়েছে, যেখানে তরুণরা অংশ নিয়ে গিটার জেতার সুযোগ পাবে।”

কনসার্ট উপলক্ষে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে এটির স্পন্সর প্রতিষ্ঠানগুলো। বিজয়ী ২০জন পাবেন ফ্রি টিকেট এবং ৩ জন পাবেন আইয়ুব বাচ্চুর সঙ্গে ‘চলো বদলে যাই’ গানে অংশ নেয়ার সুযোগ। টিকেট পাওয়া যাবে-bdtickets.com - এ।