শুক্রবার বিকেলে মিশা-জায়েদের শপথ
শুক্রবার বিকেলে বিএফডিসিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান। বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর।
এপ্রিলের ৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এতে খল অভিনেতা মিশা সওদাগর সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার হতে যাচ্ছে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ।
এ ব্যাপারে গ্লিটজকে প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর বলেন, “শুক্রবার বিকেল ৫টায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের ভিআইপি প্রজেকশন রুমে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকার জন্য সকল শিল্পীদের আমন্ত্রন জানানো হচ্ছে। শুধুতাই নয় সব শিল্পীরা যেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন সেই চেষ্টাও করা হচ্ছে। কারণ নির্বাচন কেবলই আলাদা একটি প্রক্রিয়া। নির্বাচন শেষে সবাইকে তো এক হয়ে এক জায়গায় আসা উচিত।”
চলতি মাসের ৫ তারিখে নির্বাচনের পরের দিন শনিবার সকালে ৮টায় গণমাধ্যমের সম্মুখে প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন। এই সময় ফলাফল পড়ে শোনান প্রধান নির্বাচন কমিশনার, যেখানে ২৫৯টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মিশা সওদাগর। আর নিকটতম প্রার্থী ওমর সানি পান ১৫৩টি ভোট। অন্যদিকে জায়েদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন ২৭৯টি ভোট পেয়ে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অমিত হাসান পান ১৪৫টি ভোট।
ফলাফল ঘোষনার পর রবিবার নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফল বাতিলের দাবি করেন ওমর সানি। পরবর্তীতে ভোট পুনঃগণনায় ক্যালকুলেটরের ভুলের কারণে বাদ পড়ে যাওয়া ৯টি ভোট যোগ হয়ে ওমর সানির প্রাপ্ত ভোটের সংখ্যা দাড়ায় ১৬২-তে। কিন্তু সভাপতি হিসেবে মিশা সওদাগর ২৫৯টি ভোট পাওয়ার কারণে তার নির্বাচনের ফল অপরিবর্তিত থাকছে বলে মঙ্গলবার জানান নির্বাচন কমিশনার।
নির্বাচনে ২১টি পদের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫৭ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ছিলো ৬২৪ জন। যার মধ্যে ভোট দিয়েছেন ৫৫৮ জন।
এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্যানেল তিনটি হলো- ওমর সানি-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান এবং ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত নতুন কমিটির সদস্যরা হলেন- মিশা সওদাগর (সভাপতি), জায়েদ খান (সাধারণ সম্পাদক), রিয়াজ (সহ-সভাপতি) ও নাদির খান (সহ-সভাপতি), আরমান (সহ-সাধারণ সম্পাদক), সুব্রত (সাংগঠনিক সম্পাদক), মামনুন ইমন (আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক), জ্যাকি আলমগীর (দপ্তর ও প্রচার সম্পাদক), জাকির হোসেন (সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক) ও কমল (কোষাধ্যক্ষ)।
আর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন- অঞ্জনা, আলীরাজ, জেসমিন, নাসরিন, পপি, পূর্ণিমা, ফেরদৌস, মৌসুমী, রোজিনা, নানা শাহ ও সাইমন সাদিক।
