২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অক্ষয়ের ছবির নাম শুনে হাসলেন মোদী!

ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের নতুন ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’। প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর নিরাপদ শৌচালয় কর্মসূচি নিয়ে নির্মিত এ ছবিটি নিয়ে কথা বলতে তার সঙ্গে সাক্ষাৎ করেন ‘জলি এলএলবি’ তারকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 07:20 PM

Updated : 19 Aug 2022, 04:34 PM

একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে নিজেকে অনেক আগেই বলিউডের সেরা পরিশ্রমিকপ্রাপ্ত অভিনেতার কাতারে নিয়ে গেছেন অক্ষয় কুমার। ক’দিন আগে ‘রুস্তম’ ছবির জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সামনেই আসছে এ অভিনেতার নতুন সিনেমা ‘টয়লেট : এক প্রেম কথা’। এক নব দম্পতির শৌচাগার ঘিরে প্রেমকাহিনি নিয়ে নির্মিত এ ছবিতে মূলত ভারত সরকারের পরিচ্ছন্নতা অভিযান ও নিরাপদ শৌচালয় নির্মাণের কথাই তুলে ধরা হয়েছে।

অক্ষয়-এর নতুন ছবির অদ্ভূত নামটি শুনে বরাবরই মজা পেয়েছেন দর্শক। এবারে স্বয়ং প্রধানমন্ত্রীও হেসে ফেলেন ‘টয়লেট: এক প্রেম কথা’ নামটি শুনে! সম্প্রতি এক টুইট পোস্টে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে অক্ষয় লিখেছেন, “নতুন ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’ নিয়ে কথা বলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সুযোগ পেলাম। আর সবার মতো তিনিও ছবির নাম শুনেই হেসে ফেললেন!”

 
 

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাতকারে শ্রী নারায়ন সিং পরিচালিত ‘টয়লেট: এক প্রেম কথা’ প্রসঙ্গে অক্ষয় বলেন, “আমি জানি প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা এখনও নিরাপদ শৌচাগার সুবিধা থেকে বঞ্চিত। এর জন্য বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশুরা। তবে সরকারের এ নতুন অভিযানের ফলে এ দুরাবস্থা অনেকটাই কেটে যাবে বলে আমার বিশ্বাস।”

১১ আগস্ট মুক্তি পাবে এ ছবিটি। অক্ষয়ের বিপরতে এতে দেখা যাবে ভূমি পেদনেকরকে। এতে আরও অভিনয় করছেন অনুপম খের, সানা খান প্রমুখ।