বক্স অফিসের শীর্ষে ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম টু
মার্ভেল-এর সুপারহিরো সিকুয়েল ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম টু’ মুক্তির সঙ্গে সঙ্গেই উঠে এসেছে বক্স-অফিসের শীর্ষে।শুক্রবার মুক্তি পেয়ে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৪২ কোটি ৫ লাখ ডলার।
যুক্তরাষ্ট্রে মে মাস থেকেই শুরু হয় স্কুল এবং কলেজগুলোর গ্রীষ্মকালীন ছুটি। আর সে কারণেই এই মৌসুমে সিনেমার ব্যবসাও হয় সবচেয়ে বেশি। এবার ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি’র মাধ্যমে এই মৌসুমের শুভ সূচনা ঘটলো বলেই ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।
মে মাসে মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের তালিকায় এরইমধ্যে ছয় নাম্বারে উঠে এসেছে সিনেমাটি। ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি’র মাধ্যমে এপ্রিল থেকে চলতে থাকা ‘ফেইট অফ দ্য ফিউরিয়াস’-এর বক্স-অফিস রাজত্বও শেষ হলো। মুক্তির চতুর্থ সপ্তাহে গড়ানো সিনেমাটি এরইমধ্যে বিশ্বব্যাপী একশ কোটি ডলার আয় করে ফেলেছে।
মার্কিন বক্স অফিসে এখনও দর্শক টানছে এই বছরের ডিজনি ব্লকবাস্টার ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। এই তিন সিনেমার পরই ভারতের গৌরব হিসেবে চতুর্থ সর্বোচ্চ ব্যবসা করেছে ‘বাহুবলী টু’।
যুক্তরাষ্ট্রের বাইরে চীন থেকে বেশ ভালো সাড়া মিলেছে ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম টু’র। তবে সেখানেও সিনেমাটিকে টক্কর দিচ্ছে আরেক ভারতীয় সিনেমা ‘দঙ্গল’।
একদল মহাজাগতিক অপরাধীর ঘটনাচক্রে মহাবিশ্বের রক্ষাকর্তা বনে যাওয়ার অ্যাকশন-কমেডি সিনেমাটি মুক্তি পেয়েছে বাংলাদেশেও। শুক্রবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্স-এ দেখানো হচ্ছে ছবিটি।
