সর্বকালের সেরা আয়ের ভারতীয় সিনেমা ‘বাহুবলী টু’
আমির খান অভিনীত ‘পিকে’কে ছাড়িয়ে ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘বাহুবলী টু : দ্য কনক্লুশন’। মুক্তির এক সপ্তাহেই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৮৬০ কোটি রুপি।
বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা নিয়মিতভাবে নিজের টুইটার অ্যাকাউন্টে জানাচ্ছেন ‘বাহুবলী টু’-এর খোঁজ খবর। শুক্রবার সকালে করা একটি টুইটে তিনি জানান, “ ‘বাহুবলী টু’-এর প্রথম সপ্তাহের বিশ্বব্যাপী আয়: ভারতে ৬৯৫ কোটি রুপি। ভারতের বাইরে ১৬৫ কোটি রুপি। সবমিলিয়ে ৮৬০ কোটি রুপি।”
এদিকে ‘বাহুবলী টু’-এর এই সাফল্যে নির্মাতা রাজামৌলিকে শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় তারকারা। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, “আরও একটি সাফল্যের জন্য রাজামৌলি স্যারকে অভিনন্দন। আপনার পতাকা উড়তেই থাকুক। করণ জোহরকেও অভিনন্দন।”
অভিষেক বচ্চন লিখেছেন, “খুবই ভালো লেগেছে ‘বাহুবলী টু’। পুরো দলকে অভিনন্দন। রানা দগ্গুবতী, প্রভাস, রাজামৌলি স্যার, বিজেন্দ্র প্রসাদ- দারুণ করেছেন!”
প্রভাস, রানা দগ্গুবতী, সত্যরাজ, রম্য কৃষ্ণান, আনুশকা শেঠি, তামান্না অভিনীত ‘বাহুবলী টু’ নির্মিত হয় মুলত তেলুগু ভাষায়। এরসঙ্গে মুক্তি দেওয়া হয় সিনেমাটির হিন্দি, তামিল ও মালয়ালাম সংস্করণও। মুক্তির প্রথম দিনই ১০০ কোটি রুপির বেশি আয় করে ৬০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি। ভারত ছাড়াও সিনেমাটি মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই এবং রাশিয়ায়।
