২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় এশিয়ান থিয়েটার সামিট শুরু

এশিয়া অঞ্চলের থিয়েটার শিল্পী ও গবেষকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে এশিয়ান থিয়েটার সামিট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2017, 02:07 PM

Updated : 11 Oct 2022, 01:58 PM

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ সম্মেলনের উদ্বোধন করেন।

তিনি বলেন, “সময়ের প্রেক্ষাপটে এশিয়া অঞ্চলের দেশগুলোর থিয়েটারগুলোর মধ্যে যোগাযোগ সেভাবে স্থাপিত হয়নি। আমাদের এ ক্ষেত্রটিতে আরও বেশি আলোচনা করার আছে।”

বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ, ধর্মভিত্তিক দলগুলোর উগ্রবাদী কর্মকাণ্ডের বিপরীতে থিয়েটারকে একটি ‘শক্তিশালী অস্ত্র’ হিসেবে বর্ণনা করেন সংস্কৃতিমন্ত্রী।

তিনি বলেন, “অবিবেচকদের অমানবিক কর্মকাণ্ডের বিপরীতে থিয়েটারকে আরও বেশি শক্তিশালী করতে হবে আমাদের।”

ইন্টারন্যাশনাল অ্যামেচার থিয়েটার অ্যাসোসিয়েশনের (আইটিআই) এশিয়ান রিজিওনাল সেন্টারের উদ্যোগে দুই দিনব্যাপী এই সম্মেলনের পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়।

যৌথভাবে এর আয়োজনে রয়েছে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আইটিআইয়ের অনারারি প্রেসিডেন্ট রামেন্দু মজুমদার বলেন, “থিয়েটার সংলাপনির্ভর। এই সংলাপের মাধ্যমেই আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি।”

সিঙ্গাপুরের চায়নিজ অপেরা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক চুয়া সু পং বলেন, এশিয়ার দেশগুলোর জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে সেই কঠিন চ্যালেঞ্জ জয় করা যায়।

আইটিআইয়ের এশিয়া অঞ্চলের সভাপতি লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ, ইন্দোনেশিয়ার নাট্যকর্মী আলিকা চন্দ্র, ভারতের ডোংরে ইয়োৎসোনা সুহাস, নেপালের প্রেম পাওদেল, লাওসের পাংনা ফ্রানখোনে উপস্থিত ছিলেন।

প্রথম দিনের সাংস্কৃতিক আয়োজনের মধ্যে নাট্যশালার ৩ নম্বর মহড়া কক্ষে ‘অবহেলায় মৃত্যু আর নয়’ শীর্ষক পরিবেশনায় অংশ নেয় পিএলটির শিল্পীরা।

এরপর স্টুডিও থিয়েটার হলে ঢাকা সাংস্কৃতিক দলের সঙ্গীতানুষ্ঠান, কুঁড়িগ্রামের কুশান যাত্রা, কিশোরগঞ্জের রং জারি এবং নড়াইলের অস্টক যাত্রা পরিবেশিত হয়।            

এর সঙ্গে লাওয়ের পাংনা ফ্রানখোনের পরিচালনায় ক্ল্যাসিক্যাল নৃত্য পরিবেশন করে লাও রামায়ানা দি ভিয়েনতিয়েন। এছাড়া থাইল্যান্ড ও মালয়েশিয়ার শিল্পীরা নিজেদের ঐতিহ্যবাহী পরিবেশনায় অংশ নেন।

সবশেষে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে লোকনাট্যদলের ‘সোনাই মাধব’ এর শততম মঞ্চায়ন হয়। এ নাটকের নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী।

দ্বিতীয় দিনের কর্মসূচি

আয়োজনের দ্বিতীয় দিন শনিবার বিদেশ থেকে আসা অতিথিরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবেন। পাশাপাশি অংশ নেবেন সংস্কৃতি বিষয়ক তুলনামূলক আলোচনায়।

অধ্যাপক আবদুস সেলিম ‘এশিয়ান থিয়েটার: ট্র্যাডিশন অ্যান্ড ট্রেন্ড’; ইরানিয়ান কালচারাল সেন্টারের কালচারাল কনস্যুলার সাঈদ মুসা হোসেইনি ‘ইরানিয়ান ফিল্ম অ্যান্ড থিয়েটার’ বিষয়ে এবং সিঙ্গাপুরের চুয়া সু পং ‘সাউথইস্ট এশিয়া অ্যান্ড ইস্ট এশিয়ান ট্র্যাডিশনাল থিয়েটার: ডেভেলপমেন্ট অ্যান্ড চ্যালেঞ্জ’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন।

মুক্ত আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন রামেন্দু মজুমদার। পরে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে লোকনাট্যদলের ‘রথযাত্রা’। রবীন্দ্রনাথ ঠাকুরের এ নাটকটির নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী।
শনিবার দুপুরে মধাহ্নভোজের বিরতির পর মফিদুল হক ‘থিয়েটার অব দ্য মিডল ইস্ট: অ্যান ওভারভিউ’ এবং থাইল্যান্ডের স্টিফেন হাওয়ার্ড টমাস ‘এশিয়ান পাপেট থিয়েটার’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন। এ পর্বটির সভাপতিত্ব করবেন লিয়াকত আলী লাকী।

পরে ড. আফসার আহমেদ ‘ফর্ম অ্যান্ড কনটেন্ট ইন ট্র্যাডিশনাল বাংলা থিয়েটার’ এবং সাংবাদিক এরশাদ কমল ‘এক্সপেরিমেন্টস উইথ ট্র্যাডিশনাল আর্ট ফরমস ইন কনটেম্পরারি আরবান থিয়েটার: পোটেনশিয়ালস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এ পর্বে সভাপতিত্ব করবেন আতাউর রহমান।