সোনমের জয়ে ফটোগ্রাফার বনলেন অনীল
কন্যা সোনম কাপুর-এর রাষ্ট্রপতি প্রণব মুখার্জি’র হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণের মুহূর্তটি নিজেই ক্যামেরাবন্দী করলেন বাবা অনীল কাপুর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে বুধবার রাতে অনুষ্ঠিত পুরস্কারের ওই আসরে সোনম-এর সঙ্গে এসেছিলেন তার বাবা অনীল কাপুর ও মা সুনীতা। সোনম যখন রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন, তখন সেই দৃশ্যটি ক্যামেরাবন্দী করতে ব্যস্ত ছিলেন অনেক আলোকচিত্রীই। তবে বাবা অনীল কাপুর-এর ব্যগ্রতা ছিল দেখার মতো। সেকারণে অনুষ্ঠান মঞ্চের পর্দায়ও অনীল কাপুর-এর মেয়ের ছবি তোলার দৃশ্যটি ভেসে ওঠে!
টুইটার ও ইন্সটাগ্রামে ওই মুহূর্তগুলোর ছবি নিজেই শেয়ার করেছেন অনীল। তিনি লিখেছেন,“বোঝাই যাচ্ছে, নিজের উত্তেজনা দমিয়ে রাখতে পারিনি আমি। আলোকচিত্রীরা ঘিরে রয়েছে জেনেও একজন বাবা সবসময়ই এরকম মুহূর্তগুলোয় নিজেই ক্যামেরা হাতে তুলে নেবে।”
ওদিকে সেরা অভিনেতার পুরস্কার পাওয়া অক্ষয় কুমার-এর স্ত্রী টুইঙ্কল খান্নাও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন টুইটারে। অনুষ্ঠানে যাওয়ার জন্য নীল শাড়িতে সেজে ছেলে আরভ ও স্বামী অক্ষয়কে সঙ্গে নিয়ে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “এখন আমি তাকে আমার ট্রফি হাজব্যান্ড বলতেই পারি।”
অক্ষয় কুমার ছবিটি শেয়ার করে লিখেছেন, “আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে নিয়ে।”
অক্ষয় কুমারকে স্বাগত জানিয়েছেন অনীল কাপুরও। তিনি লিখেছেন, “অভিনন্দন অক্ষয় কুমার। তোমাকে নিয়ে খুবই আনন্দিত। কঠোর পরিশ্রম, মেধা ও শৃঙ্খলার ফলাফল সবসময়ই পাওয়া যায়।”
