শফিক তুহিনের কণ্ঠে রবীন্দ্রসংগীত
আধুনিক গানের শিল্পী শফিক তুহিন গাইলেন রবীন্দ্রসংগীত।২৫ বৈশাখ এটির অডিও-ভিডিও প্রকাশিত হবে।
চলতি সপ্তাহে শফিক তুহিনের কণ্ঠে রেকর্ডিং হলো রবীন্দ্রসংগীত ‘তোমার সুরের ধারা'। গানটির সংগীতায়োজন করেছেন রাফি। আসছে রবীন্দ্র জয়ন্তীতে (২৫ বৈশাখ) এটির অডিও-ভিডিও প্রকাশ করে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে চান শফিক তুহিন।
এ প্রসঙ্গে তিনি বলেন, “ছোটবেলায় সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। তখন আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ি। সে প্রতিযোগিতায় আমি রবীন্দ্রসংগীত গেয়েছিলাম। দ্বিতীয় স্থানের পুরস্কারও পাই তখন। এরপর গানের জগতে আসার পর একটা ইচ্ছে ছিল, কবিগুরুর গান গাইব। একটু বিলম্বে হলেও সেটাই পূরণ হলো। এবারই প্রথম রবীন্দ্রসংগীত গাইলাম।”
শফিক তুহিন জানালেন, শিগগিরই এর ভিডিও নির্মাণ শুরু হবে। এখন চলছে ভিডিওর পরিকল্পনা। গানটির অডিও এবং ভিডিও ২৫ বৈশাখ উপলক্ষ্যে শিগগিরই প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি।
