গুরুতর অসুস্থ মাসুম আজিজ
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মাসুম আজিজ। বর্তমানে তাকে বারডেম হাসপাতালের সিসিউতে চিকিৎসকের নিবিড় তত্বাবধানে রাখা হয়েছে। গ্লিটজকে তথ্যটি নিশ্চিত করেছেন তার স্ত্রী সাবিহা জামান।
দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভূগছিলেন মঞ্চ ও টেলিভিশনের অভিনেতা মাসুম আজিজ। শুক্রবার রাতে হঠাত বুকে ব্যথা অনুভব করলে তাকে নিয়ে আসা হয় রাজধানীর বারডেম হাসপাতালে। বর্তমানে তিনি হাসপাতালের সিসিউ-তে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
সাবিহা জামান গ্লিটজকে এ প্রসঙ্গে বলেন, “চিকিৎসক জানিয়েছেন বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন। তবে, পরীক্ষা-নীরিক্ষা চলছে। এখনও তার ফলাফল হাতে পাইনি।”
তিনি আরও বলেন, “কদিন ধরেই কাজের খুব চাপ যাচ্ছিলো, তার পরিচালনায় ‘সনাতন’ চলচ্চিত্রের কাজ প্রায় শেষের পথে। এছাড়াও টিভি নাটক ও চলচ্চিত্রের কাজের ব্যস্ততায় ছিলেন তিনি। সবার কাছে দোয়া চাইছি তার সুস্থতার জন্য।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন মাসুম আজিজ। ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি চারশ’র বেশি নাটক ও বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।
ছবি: মাসুম আজিজ-এর ফেইসবুক পেইজ থেকে নেওয়া
