২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাকীর জন্য ফেইসবুকে শোক, শেষ শ্রদ্ধায় আসেননি অনেকেই

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা গানের কিংবদন্তী শিল্পী লাকী আখান্দ। শনিবার বৃষ্টিভেজা দিনে শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মাননা শেষে সর্বস্তরের জনগনের শদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হয় শিল্পীর মরদেহ। এসময় শিল্পীর ঘনিষ্ঠজন ও সংস্কৃতি অঙ্গনের অনেকেই শিল্পীকে শ্রদ্ধা জানাতে আসেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2017, 06:18 PM

Updated : 11 Oct 2022, 01:53 PM

প্রিয় শিল্পীকে হারিয়ে শোকের দিনে কাঁদছিল আকাশও। কিন্তু যাদের কণ্ঠে সুর তুলে দিয়েছিলেন লাকী তাদের অনেকেরই দেখা মেলেনি শিল্পীর শেষ যাত্রায়। আসেননি তরুণ প্রজন্মের শিল্পীরাও। বৃষ্টিভেজা দিনে কিংবদন্তী শিল্পীর প্রতি সংগীতাঙ্গনের এমন ঔদাসিন্য মানতে পারছিলেন না আগতদের অনেকেই। তবু এমন বাস্তবতা মেনেই লাকী আখান্দ চলে গেলেন অন্তিম শয়নে।

শহীদ মিনারে শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন- খুরশিদ আলম, নকীব খান, ফকির আলমগীর, তিমির নন্দী, আসিফ ইকবাল, কাজী হাবলু, ফুয়াদ নাসের বাবু, লাবু রহমান, শুভ্র দেব, গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, গীতিকার কবীর বকুল, গীতিকার-গায়ক তানভীর তারেক, জলের গান ব্যান্ডের সাইফুল জার্নাল, লেখক নাট্যকার শাকুর মজিদ, বেলাল খানসহ আরও কয়েকজন। তবে লাকী আখন্দ-এর গানে যাদের খ্যাতি অর্জন সেই কুমার বিশ্বজিত, জেমস, হাসান, সামিনা চৌধুরীর মতো তারকাদের অনুপস্থিতি হতাশ করেছে অনেককেই।

শোকযাত্রায় উপস্থিত না হলেও ফেইসবুকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও শোক ব্যক্ত করেছেন অনেকেই। শোক জানিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সারথী তিমির নন্দী। মঞ্চকুসুম শিমুল ইউসুফ ও সুবর্ণা মোস্তফা স্বরণ করেছেন সালাহউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’চলচ্চিত্রে লাকী আখন্দ-এর অমর সৃষ্টি গানগুলোকে।  এছাড়াও শোক জানিয়েছেন, আইয়ুব বাচ্চু, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, তানভির তারেক, শারমিন সুলতানা সুমী, বিজরী বরকতউল্লাহ, জিনাত সানু স্বাগতা, জ্যোতিকা জ্যোতিসহ অনেকেই। তবে, যাদের জন্য গান বেঁধেছিলেন লাকী সেই সর্বস্তরের সাধারণ মানুষের শোকের ঢল নেমেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।