২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজানের শব্দকে ‘গুন্ডামি’ বলায় সনুর উপর ক্ষুব্ধ পূজা ভাট

লাউডস্পিকারে আজান দিয়ে ঘুম ভাঙানো বিষয়ে ভারতীয় সংগীত তারকা সনু নিগমের টুইট পোস্ট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এ নিয়ে সনুর পক্ষে-বিপক্ষে ভাগ হয়ে গেছেন তারকারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2017, 05:55 PM

Updated : 11 Apr 2022, 11:25 PM

রোববার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পর পর বেশ কিছু পোস্ট দেন ভারতের জনপ্রিয় প্লেব্যাক তারকা সনু নিগম। টুইটগুলোর বিষয় ছিলো আজান এবং ধর্মের কারণে জনগণকে হয়রানি করা । ভোরবেলা আজানের জোরালো শব্দে ঘুম ভেঙে বিরক্ত ও ক্ষুব্ধ হয়েই এই পোস্টগুলো লেখেন তিনি। এ সময় আজানকে ‘গুন্ডামি’ বলেও অভিহিত করেন তিনি। সনুর এ পোস্ট নিয়ে ইন্টারনেটে শুরু হয়েছে তোলপাড়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সনুর এ ‘বিতর্কত’ মন্তব্য নিয়ে এরই মধ্যে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন বলিউড তারকারা। অনেকেই সনুর এই মন্তব্যের সঙ্গে একমত নন আবার কেউ কেউ বলছে লাউডস্পিকারে ধর্মীয় চর্চাগুলো বন্ধ করা হোক।

অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা পূজা ভাট লিখেছেন, “প্রতিদিন গির্জার ঘন্টা ও আজানের শব্দ শুনে আমার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে আমি একটি আগরবাতি জ্বালাই এবং ভারতের জন্য শুভকামনা জানাই।” তবে চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী ও অপূর্ব আর্সানি বলছেন ভিন্ন কথা। আজান ও অন্যান্য ধর্মীয় চর্চাগুলো উচ্চশব্দে না করার অনুরোধ জানিয়ে চিফ মিনিস্টার দেবেন্দ্র পদনবীশকে অনুরোধ করেছেন তারা। 

হিন্দুস্তান টাইমস’কে দেওয়া সাক্ষাতকারে সংগীত তারকা শান বলছেন, “আজান হোক অথবা ‘চিকনি চামেলি’ বাজিয়ে গনেশ পূজাই হোক সব ধরণের শব্দদূষণ বন্ধ করতে হবে। প্রত্যেকেরই তাদের ধর্মচর্চার অধিকার আছে কিন্তু তা অন্যর অসুবিধা তৈরি করে নয়।”

পুরনো খবর:

আজানের শব্দকে ‘গুন্ডাগিরি’ বললেন সনু, ক্ষুব্ধ ভক্তরা